✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৪:৫১:৫৩ |‘হানি ট্র্যাপ’ বা মধুর ফাঁদ শব্দটি শুনলেই হয়তো আপনার চোখে জেমস বন্ড সিনেমার কোনো দৃশ্য ভেসে উঠবে। যেখানে এক সুন্দর ও রহস্যময়ী নারী তার রূপের জাদুতে অসতর্ক কোনো লক্ষ্যবস্তুর কাছাকাছি যান এবং ভালোবাসার অভিনয় করে মূল্যবান তথ্য বের করে নেন। কিন্তু এই কৌশলটি কেবল গোয়েন্দা থ্রিলারের গল্পেই সীমাবদ্ধ নয়; এর রয়েছে এক দীর্ঘ ইতিহাস। বিশ্বজুড়ে গোয়েন্দারা এখনো এটি ব্যবহার করে চলেছেন। এই ফাঁদে পা দেওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য এর পরিণতি হতে পারে ভয়াবহ।
বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং হয়তো বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন। প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী চলা অস্থিরতার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন। মূলত এক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই সংকটের শুরু, যে নারী চীন সরকারের কাছে তথ্য পাচার করছিলেন বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন।
অ্যালিস হুয়াং (যার সঙ্গে জেনসেনের কোনো পারিবারিক সম্পর্ক নেই) কীভাবে এবং কখন চীনা গোয়েন্দাদের দ্বারা নিযুক্ত হয়েছিলেন, কিংবা আদৌ কোনো তথ্য ফাঁস হয়েছে কি না, এমন অনেক বিষয় এখনো অস্পষ্ট। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস একজন চীনা গুপ্তচর হিসেবে কাজ করতেন এবং যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত এআই চিপ চীনে পাচার করতে সহায়তা করেছিলেন। যদিও বেইজিং তার বিরুদ্ধে আনা এই গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে। তবে এই সম্পর্কের প্রভাব কেবল এনভিডিয়া বা জেনসেন হুয়াংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত দুই প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ওপরও এর গভীর প্রভাব পড়ছে।
বিজনেস ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি রিস্কস’-এর প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সিইও-র এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়ানো, যিনি কথিতভাবে কমিউনিস্ট পার্টির একজন এজেন্ট—তাঁর এই বিচারবুদ্ধির অভাব অত্যন্ত বিস্ময়কর। তিনি আরও যোগ করেন, হয়তো তিনি ওই নারীকে কখনোই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেননি। কিন্তু (ওই সম্পর্কের) অস্তিত্বটাই নিজে থেকে একটি বড় সমস্যা।
অতীতে বহু হাই-প্রোফাইল ব্যক্তিত্ব এই ‘হানি ট্র্যাপ’ গোয়েন্দা অভিযানের শিকার হয়েছেন। স্টোন ফিশের মতে, গুপ্তচরবৃত্তির জগতে হানি ট্র্যাপিং হলো সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি” এবং এটি এখনো “অবিশ্বাস্যরকম সাধারণ একটি বিষয়, বিশেষ করে চীনা ও রুশ এজেন্টদের ক্ষেত্রে।
এশিয়া ও ইউরোপে কাজ করা সিআইএ-র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানে ‘মাইকেল ভি. হেইডেন সেন্টার ফর ইন্টেলিজেন্স, পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’-র সিনিয়র ফেলো জন সাইফার জানান, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানায়, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। তবে স্বৈরাচারী সরকারগুলো যৌনতা ও প্রেমের মতো সংবেদনশীল মিশনে এজেন্টদের নামাতে অনেক বেশি সুবিধা পায়। সাইফার বলেন, “চীন, রাশিয়া এবং অন্যান্য দেশ যা করতে পারে তা হলো, তারা (গুপ্তচর নিয়োগের ক্ষেত্রে) অনেক বেশি কারসাজি এবং চাপ প্রয়োগ করতে পারে। তারা বলতে পারে, শোনো, তুমি আমাদের সাথে কাজ না করলে আমরা তোমাকে দেশে ফিরতে দেব না, অথবা তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে পারবে না।
হানি ট্র্যাপ পাতার অনেক উপায় রয়েছে। একটি পদ্ধতি হলো লক্ষ্যবস্তুকে কোনো আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ব্ল্যাকমেইল বা হুমকি দেওয়া। ওয়াশিংটনভিত্তিক প্রতিরক্ষা নীতিবিষয়ক থিংক ট্যাংক ‘জেমসটাউন ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট পিটার ম্যাটিস উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি কোনো পতিতালয়ে যান বা যৌনকর্মীর সঙ্গে রাত কাটান, তবে একটি গোয়েন্দা সংস্থা সেখানে “হঠাৎ হানা দিয়ে বলে, হয় আমরা তোমাকে গ্রেপ্তার করব, নতুবা তুমি আমাদের সাহায্য করবে।
সাইফার জানান, আরেকটি উপায়; যা সিনেমা ও মিডিয়ায় সবচেয়ে বেশি দেখানো হয়, কিন্তু বাস্তব জীবনে তুলনামূলক কম ঘটে, তা হলো একজন প্রশিক্ষিত বিদেশি এজেন্ট শুরু থেকেই প্রলুব্ধ ও শোষণ করার উদ্দেশ্য নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুর কাছে যান। এর একটি উদাহরণ হলো, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্ট ‘সিন্ডি’ নামের এক মার্কিন পর্যটকের ছদ্মবেশে সাবেক পরমাণু প্রযুক্তিবিদ মর্দেচাই ভানুনুকে প্রলুব্ধ করেন এবং পরবর্তীতে অপহরণ করেন। ভানুনু ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন।
তবে বাস্তবে সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপটটি হলো, কোনো নারী বা পুরুষ স্বাভাবিকভাবেই এমন কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যিনি কোনো গোয়েন্দা সংস্থার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সংস্থাটি সেই সম্পর্কের কথা জানতে পেরে প্রলোভন বা জবরদস্তির মাধ্যমে ওই ব্যক্তিকে তাদের হয়ে লক্ষ্যবস্তুর কাছ থেকে তথ্য সংগ্রহের কাজে লাগায়।
এই কৌশলগুলোর ইতিহাস বেশ পুরোনো। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ তৈরি করার জন্য কুখ্যাত ছিল। সাইফার জানান, সে সময় রুশরা সব সময় এটি করত; তারা পশ্চিমা কূটনীতিক বা সাংবাদিকদের হোটেলের দরজায় কড়া নাড়তে পুরুষ ও নারী উভয় এজেন্টকেই পাঠাত।
১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত চলা এমনই এক চাঞ্চল্যকর ঘটনায়, পেকিং অপেরার এক পুরুষ গায়ক বেইজিংয়ে কর্মরত ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকটকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি একজন নারী, এবং তাদের মধ্যে এক গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শি পেই পু নামের ওই গায়ক প্রায় দুই দশক ধরে এই ছলনা চালিয়ে যান। এমনকি দ্য নিউ ইয়র্ক টাইমসের আর্কাইভের প্রতিবেদন অনুযায়ী, তিনি বুরসিকটের এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলেও দাবি করেন; যদিও বাস্তবে ওই শিশুটি ছিল চীনের উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের, যাকে তার দরিদ্র মা বিক্রি করে দিয়েছিলেন।
একপর্যায়ে চীনা গোয়েন্দা সংস্থা বুরসিকটের কাছে এসে বলে, তিনি যদি ফরাসি দূতাবাস থেকে তাদের তথ্য সরবরাহ করেন, কেবল তবেই তিনি শি-র সঙ্গে দেখা করা চালিয়ে যেতে পারবেন। শি-র নিরাপত্তার কথা ভেবে বুরসিকট রাজি হন এবং বছরের পর বছর ধরে তাদের নথিপত্র পাচার করেন, যতক্ষণ না তিনি শি এবং ওই ছেলেটিকে ফ্রান্সে নিয়ে যেতে সক্ষম হন। ফ্রান্সে পৌঁছানোর পর এই প্রেমিক যুগল গ্রেপ্তার হন, কারাবরণ করেন এবং পরবর্তীতে ক্ষমা পান তবে শি-র আসল লিঙ্গ পরিচয় প্রকাশ হয়ে পড়ায় বুরসিকট চরমভাবে ভেঙে পড়েন।
২০০০-এর দশকের শুরুতে আরেকটি বিখ্যাত ঘটনায় জড়িত ছিলেন চীনা-আমেরিকান ক্যাটরিনা লিউং, যাকে এফবিআই চীনের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য মোটা অঙ্কের অর্থ দিত। কিন্তু বাস্তবে তিনি ছিলেন একজন ডাবল এজেন্ট, যিনি বেইজিংয়ে গোপন তথ্য পাচার করতেন এবং একই সঙ্গে তার দীর্ঘদিনের হ্যান্ডলারসহ দুই এফবিআই এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ২০০৩ সালে তিনি এবং তার হ্যান্ডলার গ্রেপ্তার হন; তবে আইনি সমঝোতার মাধ্যমে তাকে তিন মাসের বেশি জেল খাটতে হয়নি।
সাইফার বলেন, চীনা গুপ্তচররা সবার পেছনেই ছোটে। তারা অস্ট্রেলিয়ানদের পেছনে ছুটছে, ভিয়েতনামিদের পেছনে ছুটছে, সিঙ্গাপুরিয়ানদের পেছনে ছুটছে… কমিউনিস্ট পার্টি যেটিকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বলে মনে করবে, তারা সেটি হাসিল করার উপায় খুঁজে বের করবেই। স্টোন ফিশও এর সঙ্গে একমত হয়ে বলেন, জাপানি, কোরিয়ান এবং ইউরোপীয় লক্ষ্যবস্তুদের ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের কৌশল ব্যবহার করা হচ্ছে; এমনকি চীনা কোম্পানিগুলো কর্পোরেট গুপ্তচরবৃত্তির অংশ হিসেবে দেশের ভেতরের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও এই হানিপট কৌশল ব্যবহার করে।
এদিকে চীন নিজেও তার নাগরিকদের এই ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ২০২৪ সালে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, তারা এমন কিছু ঘটনা শনাক্ত করেছে যেখানে বিদেশি গুপ্তচরবৃত্তিতে অনলাইন প্রেম ও ডেটিংকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলে, সতর্কতার সাথে নিজেদের পরিচয় গোপন করে, আপাতদৃষ্টিতে ‘ভাগ্যনির্ধারিত সাক্ষাৎ’-এর নাটক সাজিয়ে এবং প্রলোভনের জাল বুনে তারা চীনের অভ্যন্তরের ব্যক্তিদের মন জয় ও নিয়োগ করতে চায়, রাষ্ট্রীয় গোপনীয়তা চুরি করে এবং চীনের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে তোলে।
সাইফারের অনুমান, হানি ট্র্যাপগুলো মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে সফল হয় কিন্তু তিনি বলেন, গুপ্তচরবৃত্তির ব্যবসায়, গুরুত্বপূর্ণ জায়গায় থাকা মাত্র দু-একজন মানুষকে হাত করতে পারলেই চলে। এমনকি ১০০০টি প্রচেষ্টার মধ্যে একটি ফাঁদও যদি সফল হয় এবং সেই লক্ষ্যবস্তুর কাছে গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকে, তবে সেটিকেও বড় জয় হিসেবে বিবেচনা করা হয়। আর বর্তমান ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটে চুরি করার মতো গোপন তথ্যের কোনো অভাব নেই।
পিটার ম্যাটিস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমন একটি মূল প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা অন্য সবকিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে, বৈজ্ঞানিক আবিষ্কারে সহায়তা করে, সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখে এবং সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে ভূমিকা রাখে। আপনি পুরো শিল্প খাতের দিকে তাকালেই বুঝতে পারবেন, এই কোম্পানিগুলোর যেকোনো পর্যায়ের নেতৃত্ব, অর্থাৎ সি-স্যুট বা শীর্ষ পদে থাকা যে কেউই গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হতে পারেন।
স্টোন ফিশ মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এনভিডিয়ার এই ঘটনা পারস্পরিক অবিশ্বাসকে আরও গভীর করার হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের কাছে জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু বানানোর এই কথিত ঘটনাটি গুপ্তচরবৃত্তির একটি অত্যন্ত নির্লজ্জ উদাহরণ, অন্যদিকে চীন হয়তো আশঙ্কা করছে যে এআই জগতের শক্তিশালী খেলোয়াড় এনভিডিয়া বেইজিংয়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে।
তবে দিনশেষে স্টোন ফিশ এবং ম্যাটিস উভয়েই মনে করেন, আমরা সবাই মানুষ এবং সবারই এমন কিছু সম্পর্ক থাকে; তা প্রেমের হোক, বন্ধুত্বের হোক, পেশাদার হোক বা অন্য কিছু। যা অপব্যবহারের শিকার হতে পারে। লক্ষ্যবস্তু হওয়া এড়ানোর একমাত্র অব্যর্থ উপায় হলো সন্ন্যাসী বা লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া; তাই কোম্পানি এবং ব্যক্তিদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সর্বদা সতর্ক থাকা। ম্যাটিসের ভাষায় বলতে গেলে, আপনি একজন লক্ষ্যবস্তু। বোকামি করবেন না। এবং অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না।
সূত্র: সিএনএন