✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৪:২৭:২৮ |জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে চোটে পড়েছিলেন নরকিয়া। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি।
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে সাদা পোশাকের লাল বলের টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন অ্যানরিখ নরকিয়া। ডারবানে প্রথম টেস্টের একাদশেও ছিলেন। দ্বিতীয় টেস্টে গেবারহাতেও তাকে একাদশে রাখে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩.৩ ওভার বল করে মাঠ ছেড়ে যান নরকিয়া। এরপর আর সেই ম্যাচে খেলা হয়নি তার। কুঁচকির চোটের কারণে ছিটকে যান সিরিজ নির্ধারণী কেপটাউন টেস্ট থেকে।
বাংলাদেশ সিরিজের দলে তাকে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম টেস্টে জোহানেসবার্গে খেলা হচ্ছে নরকিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাদ।
সংবাদ সম্মেলনে কনরাদ বলেছেন, ‘টেস্ট চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শুরুতে যতটা গুরুতর ধারণা করা হয়েছিল, চোট ততটা খারাপ ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া। এখানকার টেস্টগুলোর যেকোনো একটিতে, বিশেষ করে দ্বিতীয় টেস্টে, তাকে পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে।’
কনরাদ আরও বলেছেন, ‘চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তার কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। এখন ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের মধ্যে তার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠার কথা।’
২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ।