✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১২:৫৮:০২ |পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) এবং বেলুচিস্তান প্রদেশে পরিচালিত পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনীর হাতে ৭৪ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর-এর দেওয়া হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়ায় পরিচালিত অভিযানে উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীতে ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আরও ৮ জন নিহত হয়েছে। বিবৃতিতে আইএসপিআর বলেছে, “সন্ত্রাসী হুমকি নির্মূল এবং খাওয়ারিজ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দৃঢ় প্রচেষ্টার অংশ হিসেবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। মীর আলী এবং ওরাকজাই এলাকায় এই অভিযান আরও বিস্তৃত করা হয়েছে।”
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরও বিস্তারিত জানিয়ে বলেছে, অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে তীব্র ও ভয়াবহ গোলাগুলি বিনিময় হয়েছে, যা ওই অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের পরিচালিত নেটওয়ার্কগুলোতে একটি বড় ধরনের আঘাত হেনেছে। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ পরিভাষাটি ব্যবহার করা হয়।
অভিযান পরবর্তী তল্লাশি বা স্যানিটাইজেশন কার্যক্রমের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এর মধ্যে ঘরে তৈরি বিস্ফোরক এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সরঞ্জাম উদ্ধারের ফলে সন্ত্রাসী কর্মকাণ্ডে সেগুলো ব্যবহারের যে “অসৎ উদ্দেশ্য” সন্ত্রাসীদের ছিল, তা নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইএসপিআর আরও জানিয়েছে, এলাকায় “লুকিয়ে থাকা খাওয়ারিজদের নির্মূল” করার জন্য এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বেলুচিস্তানে পরিচালিত গোয়েন্দাভিত্তিক অভিযানের বিষয়ে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ এবং ফিতনা আল হিন্দুস্তানের বিরুদ্ধে পরিচালিত একটি ব্যাপক গোয়েন্দাভিত্তিক এলাকা স্যানিটাইজেশন অভিযানে নিরাপত্তা বাহিনী ৩১ জনকে হত্যা করেছে। পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের কথিত ভূমিকাকে তুলে ধরতে বেলুচিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সূত্র: ডন