✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০২:০৬:৩৯ |রানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এবার সেই যুদ্ধের খরচ মিত্রদেশগুলোর কাছ থেকে আদায়ের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র যেসব দেশকে সামরিকভাবে সুরক্ষা দিয়েছে, তাদেরই এই ব্যয়ের ক্ষতিপূরণ দিতে হবে। এ তালিকায় ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নামও রয়েছে।
রবিবার (১০ নভেম্বর) প্রচারিত সিবিএস নিউজের সাংবাদিক রস ডাউথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষা পাওয়া দেশগুলোকে যুদ্ধের পেছনে করা সব ধরনের ব্যয় পরিশোধ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা ওই সব টাকা ফেরত আনব। তারা অবশ্যই তা দেবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না।’
ইসরায়েলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে দেশটির অস্তিত্ব বিপন্ন হতো। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ব্যবস্থা না নিলে ইসরায়েল টিকে থাকতে পারত না।
তবে ট্রাম্পের এই বক্তব্য বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের ধারণা, সরাসরি ক্ষতিপূরণ আদায়ের চেয়ে বিনিয়োগ, অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে মিত্রদেশগুলোর কাছ থেকে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে ওয়াশিংটন।
কোন কোন দেশের কাছে অর্থ চান ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সরাসরি অংশ নিয়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের পরিকল্পনায় যুক্ত ছিল না বলে জানিয়েছে। বরং ইরানের পাল্টা হামলায় এসব দেশের সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি এবং জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার বিষয়টি তুলে ধরে উপসাগরীয় দেশগুলোর কাছে অর্থ দাবি করেন ট্রাম্প।
গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অত্যন্ত ধনী একটি অঞ্চলকে নিরাপত্তা দিচ্ছে। এ জন্য দেশগুলোর কাছ থেকে অর্থ পাওয়া উচিত।
ট্রাম্প বিশেষভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন।
তবে এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর বিষয়ে আগে থেকে অবগত ছিল না বলে জানিয়েছে। যুদ্ধের পর ইরানের পাল্টা হামলার শিকারও হয়েছে তারা। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো শুরু থেকেই সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত অর্থ ব্যয় হয়েছে
মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার।
তবে প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই হিসাবের মধ্যে নেই।
গত সেপ্টেম্বরে কংগ্রেসনাল বাজেট অফিসের এক হিসাবেও বলা হয়েছিল, যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
ট্রাম্প কি সত্যিই মিত্রদের কাছ থেকে অর্থ আদায় করবেন
বিশ্লেষকদের ধারণা, সরাসরি ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা কম। তাদের মতে, ট্রাম্পের বক্তব্যকে বাস্তব কোনো নীতিগত সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা উচিত।
চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে গুরুতর নীতিগত প্রস্তাব হিসেবে দেখার সুযোগ কম। বরং এটি রাজনৈতিক সংকেত দেওয়ার একটি কৌশল।
কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বাদের আল-সাইফও মনে করেন, ট্রাম্পের এই বক্তব্য উপসাগরীয় দেশগুলো সন্দেহের চোখে দেখবে। তার মতে, যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যের মাধ্যমে ট্রাম্প মূলত নিজের দেশের মানুষের কাছে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক স্টেফান লুকাসের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের পর ট্রাম্প যুদ্ধের দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচনী পরাজয় থেকে মানুষের মনোযোগ সরাতেও এমন বক্তব্য দিচ্ছেন তিনি।
লুকাস মনে করেন, উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে সরাসরি বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা নেই।
তবে ইসরায়েলের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। বিশেষ করে চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ অবস্থায় দেশটির কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ে তিনি তুলনামূলক বেশি আগ্রহী হতে পারেন।
লুকাসের মতে, ট্রাম্পের দৃষ্টিতে ইসরায়েলই তাকে ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলেছে।
কীভাবে ক্ষতিপূরণ আদায় করতে পারেন ট্রাম্প
বিশ্লেষকদের ধারণা, মিত্রদেশগুলোর কাছ থেকে সরাসরি অর্থ নেওয়ার বদলে বিভিন্ন অর্থনৈতিক চুক্তির মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন ট্রাম্প।
কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাদের আল-সাইফের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর আগে থেকেই বেশ কিছু বাণিজ্যিক ও বিনিয়োগ চুক্তি রয়েছে। এসব চুক্তিকে সামনে এনে সেগুলোর আওতা বাড়ানোর দাবি জানাতে পারেন ট্রাম্প।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদের মতে, যুক্তরাষ্ট্রে আরও বিনিয়োগের জন্য উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ তৈরি করতে পারে ওয়াশিংটন। এসব বিনিয়োগকেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তুলে ধরা হতে পারে।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার মতো হবে না। বরং যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ, আগে কেনার প্রতিশ্রুতি দেওয়া অস্ত্রের বাইরে আরও মার্কিন অস্ত্র কেনা এবং ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়িক মহলে বিনিয়োগের মতো বিষয় সামনে আসতে পারে।
বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যিক চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য আর্থিক লাভ হিসেবে তুলে ধরার নজির অবশ্য ট্রাম্পের রয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ট্রাম্প দাবি করেছিলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রকে ৬০০ বিলিয়ন ডলারের উপহার দিয়েছে। অথচ চুক্তিতে মূলত ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত খাতগুলোতে ইউরোপীয় কোম্পানিগুলোর এই পরিমাণ বিনিয়োগের প্রত্যাশার কথা বলা হয়েছিল।
একই সময়ে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকেও যুক্তরাষ্ট্রের বড় প্রাপ্তি হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প।
প্রথম মেয়াদেও মেক্সিকোকে দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু মেক্সিকো শেষ পর্যন্ত সেই অর্থ দেয়নি। দেয়াল নির্মাণের খরচও দেশটির কাছ থেকে আদায় করা সম্ভব হয়নি।
ট্রাম্পের দাবিতে মিত্রদেশগুলোর প্রতিক্রিয়া কী হতে পারে
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা ট্রাম্পের এই দাবি সহজভাবে নেবে না। কারণ, যুদ্ধ শুরু করার সিদ্ধান্তে তাদের ভূমিকা ছিল না। উল্টো ইরানের পাল্টা হামলায় তাদের অবকাঠামো ও অর্থনীতির ক্ষতি হয়েছে।
চ্যাথাম হাউসের ফেলো নিল কুইলিয়ামের ধারণা, সরাসরি অর্থ পরিশোধের দাবি উঠলে উপসাগরীয় দেশগুলো নীরবে এর বিরোধিতা করতে পারে। তাদের যুক্তি হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে তারা আঞ্চলিক নিরাপত্তায় আগে থেকেই বড় অবদান রাখছে।
এ ছাড়া উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির রক্ষণাবেক্ষণেও দেশগুলো অর্থ ব্যয় করে।
সব মিলিয়ে ট্রাম্পের ক্ষতিপূরণ আদায়ের বক্তব্য এখন পর্যন্ত রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবে সরাসরি অর্থ আদায় না করলেও বিনিয়োগ, অস্ত্র কেনা ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে মিত্রদেশগুলোর কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র।