✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০১:৫৩:১৭ |২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ক্রীড়াবিদদের প্যারিস গেমসের তুলনায় অনেক কঠিন মানদণ্ডের মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (১ড় নভেম্বর) ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’ ট্র্যাক ইভেন্টগুলোর জন্য যোগ্যতার মানদণ্ড আরও কঠোর করার পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ের ওপর গুরুত্ব বাড়িয়েছে।
বিশ্বের অ্যাথলেটিকস নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্যারিস ২০২৪ অলিম্পিকে যেখানে ৫০ শতাংশ ক্রীড়াবিদ সরাসরি মানদণ্ড পূরণ করে এবং ৫০ শতাংশ বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছিলেন। সেখানে ২০২৮ অলিম্পিকের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ ক্রীড়াবিদ সরাসরি মানদণ্ড পূরণ করে এবং ৬০ শতাংশ বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে যোগ্যতা অর্জন করবেন।
এই যোগ্যতা অর্জন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত রয়েছে পুরুষদের ২৩টি ইভেন্ট, নারীদের ২৩টি ইভেন্ট এবং দুটি মিশ্র রিল। যার মধ্যে ৪x১০০ মিটার মিশ্র রিলে এবারই প্রথমবারের মতো অলিম্পিকে যুক্ত হচ্ছে, পাশাপাশি রয়েছে ৪x৪০০ মিটার মিশ্র রিলে। সহনশীলতা বা এন্ডুরেন্স ইভেন্টগুলোর ক্ষেত্রে মানদণ্ড সবচেয়ে বেশি কঠোর করা হয়েছে; এসব ইভেন্টে ক্রীড়াবিদদের প্যারিস অলিম্পিকের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে হবে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকস পুরুষদের ম্যারাথনের মানদণ্ড ২ ঘণ্টা আট মিনিট দশ সেকেন্ড থেকে কমিয়ে ২ ঘণ্টা পাঁচ মিনিট করেছে। যা প্যারিসের মানদণ্ডের চেয়ে তিন মিনিটেরও বেশি দ্রুত। নারীদের ক্ষেত্রে এই মানদণ্ড ২ ঘণ্টা ২৬ মিনিট পঞ্চাশ থেকে কমিয়ে ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড করা হয়েছে। পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে মানদণ্ড ১৩ মিনিট পাঁচ সেকেন্ড থেকে কমিয়ে ১২ মিনিট ৫০ সেকেন্ড করা হয়েছে এবং নারীদের ক্ষেত্রে তা ১৪ মিনিট বায়ান্ন সেকেন্ড থেকে কমিয়ে ১৪ মিনিট চৌত্রিশ সেকেন্ড করা হয়েছে।
স্প্রিন্ট বা দ্রুত গতির দৌড় ইভেন্টগুলোতেও যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন হয়েছে। পুরুষদের ১০০ মিটার দৌড়ের মানদণ্ড ১০.০০ সেকেন্ড থেকে কমিয়ে ৯.৯৩ সেকেন্ড করা হয়েছে, আর নারীদের ক্ষেত্রে তা ১১.০৭ সেকেন্ড থেকে কমিয়ে ১০.৯৬ সেকেন্ড করা হয়েছে। মাঝারি দূরত্বের দৌড়বিদদের জন্যও লক্ষ্যমাত্রা আরও কঠিন করা হয়েছে; পুরুষদের ১,৫০০ মিটার দৌড়ের মানদণ্ড ৩ ঘণ্টা তেত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে কমিয়ে ৩ ঘণ্টা ত্রিশ মিনিট এবং নারীদের ক্ষেত্রে ৪ ঘণ্টা দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে কমিয়ে ৩ ঘণ্টা সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড করা হয়েছে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল নির্ধারিত মানদণ্ড পূরণ করলেই যে কেউ অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে পারবে না। যদি কোনো ইভেন্টে নির্ধারিত মানদণ্ড অর্জনকারী অ্যাথলেটের সংখ্যা উপস্থিত কোটার চেয়ে বেশি হয়, তবে যোগ্যতা অর্জনের সময়কালে যাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো ছিল, তাদেরই সুযোগ দেওয়া হবে। নিয়ন্ত্রণকারী সংস্থা আরও জানিয়েছে, এক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোনো অ্যাথলেট যোগ্যতা অর্জন করতে পারবেন না।
ম্যারাথন দৌড়বিদদের জন্য যোগ্যতা অর্জনের সময়কাল হবে ১ নভেম্বর, ২০২৬ থেকে ৩০ এপ্রিল, ২০২৮ পর্যন্ত চলবে। ১০,০০০ মিটার দৌড়, কম্বাইন্ড ইভেন্ট, রেস ওয়াক এবং রিলে ইভেন্টের জন্য এই সময়কাল শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। অন্যদিকে অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে যোগ্যতা অর্জনের সময়কাল আগামী বছরের ১৮ জুন থেকে ২০২৮ পর্যন্ত চলবে। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম’-এ অনুষ্ঠিত হবে, যেখানে মূল ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলো আয়োজিত হবে।