কেশবপুরে শীতের আমেজ শুরু না হলেও খেজুরের গুড়ের মৌসুম সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। খেজুরের রস ও গুড় সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ভাঁড় (কলসি) তৈরিতে এখন দিনরাত কাজ করে যাচ্ছেন তারা।
গৌরীঘোনা, ভেরচী, বুড়ুলী, কলাগাছি গ্রামসহ কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আধুনিকতার ছোঁয়ায় পাল সম্প্রদায়ের অনেকের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তারা বংশ পরম্পরায় বাপ-দাদার আদি পেশাটি টিকিয়ে রেখেছেন। এদিকে শীত ঘনিয়ে আসায় অঞ্চলের গাছিরাও রস সংগ্রহের জন্য ইতোমধ্যে খেজুর গাছ তোলার কাজ শুরু করে দিয়েছেন। আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে পুরোদমে গুড় উৎপাদনের কর্মযজ্ঞ। গাছিদের এ খেজুরের রস সংরক্ষণের জন্য প্রয়োজনীয় মাটির ভাঁড়ের জোগান দিতে মৃৎশিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন।
সরেজমিনে পালপাড়ায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পী রবীন পাল ও তার স্ত্রী পারুল রানী নিপুণ হাতে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত। ছাঁচে ভাঁড় তৈরির নান্দনিক দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর। ভাঁড় তৈরির কাজে শুধু পুরুষ সদস্যরাই নন; বরং গৃহিণী থেকে শুরু করে ছেলে-মেয়েরাও পড়াশোনার ফাঁকে বাবা-মাকে সাধ্যমতো সাহায্য করছে।
কারিগররা জানান, প্রথমে মোলায়েম করা মাটির সঙ্গে বালির সংমিশ্রণ ঘটিয়ে চাপড় বানানো হয়। এরপর ছাঁচে দিয়ে হাতের নিখুঁত কারুকার্যে ভাঁড়ের উপরিভাগ, কানাসহ বিভিন্ন অংশ তৈরি করা হয়। এভাবে ভাঁড়ের নিচের অংশ ও ওপরের অংশ আলাদাভাবে তৈরি করে জোড়া লাগানোর পর তা দুদিন রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর ভাঁড়গুলোয় বিশেষ রং লাগিয়ে পাজায় (আগুনে) প্রায় পাঁচ ঘণ্টা ধরে পুড়িয়ে ব্যবহারের উপযোগী করা হয়।
মৃৎশিল্পী পারুল জানান, তিনি ও তার স্বামী মিলে প্রতিদিন গড়ে ৫০-৬০টি ভাঁড় তৈরি করতে পারেন। অপর মৃৎশিল্পী গোপাল ও জয়দেব পাল জানান, প্রতিটি ভাঁড় আকারভেদে বর্তমানে ২৫-৩০ টাকায় বিক্রি করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা কামনা করেন স্থানীয় শিল্পীরা।
এ জাতীয় আরো খবর..