✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০১:৫১:৫৩ |ফিফার (ফিফা) প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। বেশ কয়েক সপ্তাহ ধরেই ফরাসি এই ফুটবল ব্যক্তিত্বকে নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন ইউরোপীয় ফুটবলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৭ বছর বয়সী ওয়েঙ্গার। তবে তার বয়সের কারণে ফুটবলের দীর্ঘমেয়াদি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তার সমর্থকদের মতে, নির্বাচনে জয়ী হওয়ার পর চার বছরের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিতে পারেন তিনি।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ইনফান্তিনো। পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল হওয়ায় তার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় এখনো ইনফান্তিনোর উল্লেখযোগ্য সমর্থন রয়েছে।
তবে নির্বাচনে ওয়েঙ্গার প্রার্থী হলে ইনফান্তিনোর এই সমর্থন বড় পরীক্ষার মুখে পড়তে পারে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েঙ্গারের। ইনফান্তিনোর পরিকল্পনার বিরোধিতায় উয়েফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বিশ্ব ফুটবলে ওয়েঙ্গারের পরিচিতি ও গ্রহণযোগ্যতাও তার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ওয়েঙ্গারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে তাদের ধারণা, আগামী বছরের নির্বাচনে ইনফান্তিনোই এখনো সবচেয়ে এগিয়ে রয়েছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করার শেষ সময় ১৮ নভেম্বর।
এরই মধ্যে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন টটেনহামের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। গত অক্টোবরেই তিনি প্রথম প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এছাড়া নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা।
ফিফায় দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ওয়েঙ্গার। এর মধ্যে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন এবং অফসাইডের ক্ষেত্রে নতুন ডেলাইট নিয়ম চালুর প্রস্তাব উল্লেখযোগ্য।
তবে আফ্রিকান ফুটবলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। আর্সেনালের কোচ থাকাকালে আফ্রিকান ফুটবলারদের প্রতি বিশেষ আগ্রহ ও সমর্থনের জন্য পরিচিত ছিলেন তিনি। এছাড়া বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮-এ উন্নীত করার পক্ষে ওয়েঙ্গারের অবস্থানও আফ্রিকার দেশগুলোতে ইতিবাচকভাবে দেখা হয়েছে। তার মতে, বিশ্বকাপের পরিসর বাড়ালে প্রচলিত ফুটবলশক্তির বাইরের দেশগুলোরও উন্নয়নের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে সম্প্রতি আফ্রিকার ৫৪টি সদস্য দেশের সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। ফুটবলের উন্নয়নে অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতির পর তার পুনর্নির্বাচনের সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে। ফলে ওয়েঙ্গার শেষ পর্যন্ত প্রার্থী হলে ফিফা সভাপতি নির্বাচন নতুন মাত্রা পেতে পারে।