✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০১:৫১:০৭ |যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমার গতি প্রত্যাশার চেয়ে ধীর হওয়ায় ডিসেম্বরে সুদের হার বাড়ানোর চাপ তৈরি হয়েছে।
গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তাপণ্যের দাম বেড়েছে ০.৪ শতাংশ। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ০.৩ শতাংশ। সেপ্টেম্বরে দাম বেড়েছিল ০.৬ শতাংশ।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে আবাসন, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত ছিল। তবে জ্বালানির দাম বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৫.২ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ০.৭ শতাংশে নেমে আসে।
সাধারণত যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) মাধ্যমে কয়েক শ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম পর্যবেক্ষণ করে মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করে। তবে ২০২৫ সালের অক্টোবরে তথ্য সংগ্রহ করতে না পারায় এবার ১২ মাসের মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করা সম্ভব হয়নি। সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩.৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সাধারণত সুদের হার বাড়িয়ে মানুষের ব্যয় ও ঋণ নেওয়ার প্রবণতা কমানোর চেষ্টা করে সংস্থাটি। অক্টোবরের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা আমদানি শুল্কও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের গবেষণা অনুযায়ী, অতিরিক্ত শুল্কের প্রায় ৯০ শতাংশ ব্যয় শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হয়েছে। এতে পণ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে।
করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি একপর্যায়ে প্রায় ৯ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে সেই তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নিত্যপণ্যের বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। উল্লেখ্য, ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের ভাতা ৩.৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এতে অবসরভাতা পাওয়া ব্যক্তিদের মাসিক গড় আয় ৭৫ ডলার বাড়বে। সূত্র: বিবিসি