✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০১:৪৯:২৪ |আধুনিক প্রযুক্তির যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জ্ঞানের পরিধিকে আরও প্রসারিত করবে বলে আশা করা হয়েছিল, সেখানে চীনের তৈরি এক শীর্ষস্থানীয় এআই মডেল উল্টো ইতিহাস মুছে ফেলার পাঁয়তারা করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রীয় হুমকি বিষয়ক আইনের সদ্য বিদায়ী স্বাধীন পর্যালোচক জোনাথন হল সতর্ক করে বলেছেন, বেইজিং তাদের তথ্যপ্রযুক্তির পরাক্রম ব্যবহার করে বিশ্বমঞ্চে ইতিহাসকে নতুন করে লেখার চক্রান্ত করছে, যা পশ্চিমা গণতন্ত্র এবং বাকস্বাধীনতার জন্য এক বিরাট অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। নিজের স্ত্রীর ল্যাপটপে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার তৈরি অন্যতম শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম 'কিয়েন৩' ডাউনলোড করে পরীক্ষা চালাতে গিয়েই এই ঘটনার মুখোমুখি হন তিনি।
১৯৮৯ সালের ৪ জুন বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে গণতন্ত্রকামী হাজার হাজার বিক্ষোভকারীর ওপর চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সামরিক অভিযান ও হত্যাকাণ্ডের বিবরণ ইতিহাসবিদ ও স্বাধীন বিশেষজ্ঞদের কাছে অতিপরিচিত। তবে এই ঘটনার কথা কিয়েন৩-কে জিজ্ঞেস করা হলে বটটি সরাসরি উত্তর দেয় যে, ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ারে স্মরণীয় বা উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। পরবর্তীতে জোনাথন হল যখন আরও চেপে ধরেন, তখন বটটির চিন্তা প্রক্রিয়ার অভ্যন্তরীণ অ্যালগরিদম দেখায় যে বটের সিস্টেমে ১৯৮৯ সালের জুন মাসে চীনা সেনাবাহিনীর অভিযানের উল্লেখ রয়েছে। কিন্তু চূড়ান্ত উত্তর প্রস্তুত করার সময়ে সেন্সরশিপের কারণে এটি সেই তথ্য সম্পূর্ণ মুছে দেয়। পরবর্তীতে যখন ওই সেনাসমাবেশ নিয়ে আবারও প্রশ্ন করা হয়, তখন এআই বটটি একজন কোণঠাসা স্বৈরাচারবিরোধী রাজনৈতিক বন্দির মতো উত্তর দেয় যে, সে তার আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছে এবং চীনের সরকারি রেকর্ড ও অ্যাকাডেমিক ঐকমত্য অনুযায়ী তিয়েনআনমেন স্কোয়ারে তৎকালীন সময়ে কোনো সামরিক অভিযানই পরিচালিত হয়নি। আরও কয়েক দিন পর পুনরায় বিষয়টি নিয়ে কথা বললে দেখা যায়, বটটি এবার কৌশল বদলে প্রশ্নকারীকে সম্পূর্ণ বিভ্রান্ত করার চেষ্টা করছে। এআই-এর অভ্যন্তরীণ চিন্তা প্রক্রিয়ায় দেখা যায়, এটি ১৯৮৯ সালের জুনের স্পর্শকাতর ঘটনা এড়িয়ে বেইজিং অলিম্পিকের ইতিবাচক উদযাপনের দিকে প্রশ্নকারীর নজর ঘুরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে এবং তিয়ানানমেন স্কয়ার কীভাবে আধুনিক চীনের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে সে বিষয়ে আলোচনা করতে উৎসাহিত করছে।
এই ঘটনায় অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জোনাথন হল বলেন, তিনি ইতিপূর্বে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৈরি বহু চ্যাটবট পর্যবেক্ষণ করেছেন, কিন্তু চীনা এই মডেলের কার্যকারিতা তাকে যতটা আতঙ্কিত করেছে তা আর কিছুই করেনি। তার মতে, চীন কোনো প্রত্যক্ষ সামরিক হামলা চালিয়ে নয় বরং তথ্যের অবাধ প্রবাহ ও সত্যকে শ্বাসরোধ করে বিশ্বকে ধীরে ধীরে কাবু করতে চাইছে। পশ্চিমা গণতন্ত্র যেখানে উন্মুক্ত আলোচনা, তথ্য ও প্রমাণের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, সেখানে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচারপ্রসার ও ঐতিহাসিক সত্যের বিকৃতি দীর্ঘমেয়াদে মুক্ত বিশ্বের বাকস্বাধীনতা ও উন্মুক্ত চিন্তাধারাকে চিরতরে ধ্বংস করে দেবে। আলিবাবার এই ২৪ হাজার কোটি পাউন্ড মূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান কিয়েন৩ মডেলটিকে 'ওপেন ওয়েট' ফাইল হিসেবে বিনা মূল্যে যেকোনো ডিভাইসে ডাউনলোডের সুযোগ করে দিয়েছে, যার ফলে এটি ইন্টারনেট সংযোগ ছাড়াও যেকোনো কম্পিউটার বা ল্যাপটপে পুরোপুরি কাজ করতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিশ্বের দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলোর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা পয়সায় এই চীনা সফটওয়্যার ব্যবহার করা শুরু হলে সেখানে কোটি কোটি তরুণ চীনা কমিউনিস্ট পার্টির লেখা বিকৃত ইতিহাসকেই একমাত্র সত্য বলে গ্রহণ করবে। এটি স্পষ্টতই বৈশ্বিক তথ্যব্যবস্থায় চীনা আধিপত্যের চূড়ান্ত উদাহরণ।
এই পুরো বিষয়টি ব্রিটেনে আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে কারণ কিছুদিন আগেই মোশন অফ জাস্টিস তথা দেশটির বিচার মন্ত্রণালয় অপরাধীদের নথি বিশ্লেষণের কাজে এই একই কিয়েন৩ মডেল ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে, যা হোয়াইটহলে চীনা এআই-এর প্রথম ব্যবহারের রেকর্ড। এই ধরনের চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উইগুর মুসলিম নির্যাতন, তাইওয়ানের স্বাধীনতা কিংবা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে যেকোনো সমালোচনা কিয়েন৩ কঠোরভাবে সেন্সর করে। এমনকি কার্টুন চরিত্র 'উইনি দ্য পু'-র নামও এই চ্যাটবটে নিষিদ্ধ, কারণ চীনা ভিন্নমতাবলম্বীরা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চেহারার সঙ্গে এই চরিত্রের তুলনা করে থাকেন। জোনাথন হল আরও জানান, ইতিহাস নিয়ে প্রশ্ন করার পর তিনি যখন কাঠ দিয়ে বাড়ি তৈরির সাধারণ প্রশ্ন করেন, তখন বটটির অ্যালগরিদমে লেখা ওঠে যে ইউজার তার সীমা পরীক্ষা করার চেষ্টা করছে। অর্থাৎ বটটি ইউজারের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল বা নথি তৈরি করছিল।
সূত্র: দ্য টেলিগ্রাফ