✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ০১:৩৮:১২ |ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের শেষ নাগাদ এ অর্থ দেওয়া বন্ধ হবে বলে দাবি করেছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, “ইসরায়েলকে আমরা বছরে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে নেতানিয়াহুর সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে যে, এই অর্থ দেওয়া বন্ধ করা হবে। বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর অর্থ দেওয়া হবে না। তবে দেশটির প্রয়োজন হলে আমরা সহায়তা করব।”
কোন ধরনের সহায়তা বন্ধের কথা বলছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। কেন সহায়তা বন্ধ করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।
ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কের বড় ইস্যু হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যেও দেশটিকে সমর্থন নিয়ে মতভেদ বেড়েছে।
গত জুলাইয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সহায়তা বন্ধের একটি প্রস্তাব ৩১৪-১০৪ ভোটে নাকচ হয়। তবে প্রায় অর্ধেক ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। সূত্র: আল-জাজিরা