✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ০১:৩৩:০৫ |দীর্ঘদিন ধরে আলোচনার পর ভক্তদের মনে এমন একটি আশা জাগিয়েছেন অভিনেতা জনি ডেপ। তিনি হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও ফিরতে পারেন বলে জানিয়েছেন।
এই অভিনেতার সিনেমাটির মাধ্যমে সিরিজের একটি সুন্দর সমাপ্তি নিশ্চিত করতে পারলে তিনি ফিরতে আগ্রহী বলে জানিয়েছেন। ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এর সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডেপ ব্যাখ্যা করেছেন, কেবল আরেকটি সিনেমা তৈরির জন্য তিনি ফিরে আসবেন না। তিনি চান তার অংশগ্রহণ যেন এই জনপ্রিয় সিরিজটিকে একটি সুন্দর সমাপ্তি দিতে সাহায্য করে। দীর্ঘ বছর ধরে জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় করার পর, তিনি চান চরিত্রটির গল্পের একটি চমৎকার পরিসমাপ্তি ঘটুক।
পাশাপাশি প্রযোজক জেরি ব্রুকহাইমারের সাথে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করে এই অভিনেতা জানান, তিনি এখনও তাকে বিশ্বাস করেন। তিনি বলেন, জেরি ব্রুকহাইমারের সাথে কাজ করার জন্য আমি আগামীকালই প্রস্তুত। কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।
ব্রুকহাইমারও জানিয়েছেন, তিনি চান ডেপ ফিরে আসুন। যদিও পরবর্তী চলচ্চিত্রটিকে একটি ‘রিবুট’ (নতুন করে শুরু) হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া তিনি লেখক জেফ নাথানসনের সাথে নতুন গল্পটি নিয়ে কাজ করছেন এবং জানিয়েছেন, এর সমাপ্তিটি এরইমধ্যে বেশ ভালো রূপ পেয়েছে।
‘পাইরেটস’ সিরিজের সর্বশেষ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। যদিও তার ফিরে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে ডেপের মন্তব্যগুলো পর্দায় জ্যাক স্প্যারোকে আবারও দেখার আশা নতুন করে জাগিয়ে তুলেছে। ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমায় জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। তার অভিনয়ে সিনেমাগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। পাঁচটি সিনেমা মিলিয়ে আয় করে ৪৫০ কোটি ডলারের বেশি। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ দুটি সিনেমার আয় ছাড়িয়েছিল ১০০ কোটি ডলার।