✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ০১:৩৭:১৫ |ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ডিপ ফ্রিজে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত এসব শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ খাদ্যপণ্য। এতে কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাতেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।
সোমবার ইউরোপের কয়েকটি দেশে শতাধিক সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা আক্রান্ত হয়। বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহাইজের কয়েক ডজন দোকান, ক্যারেফুরের বেলজিয়ামের ১৫টি শাখা এবং কোলরুইটের পাঁচটি দোকানে সমস্যা দেখা দেয়।
সুইডেনের কো-অপের সাতটি দোকানের শীতলীকরণ ব্যবস্থাও আক্রান্ত হয়। আয়ারল্যান্ডের সুপারভ্যালুর ১৩টি দোকানেও একই ঘটনা ঘটে।
বেলজিয়ামের মাংস বিক্রেতা প্রতিষ্ঠান ডি লায়েত অ্যান্ড ভ্যান হাভারের একটি দোকানে ফ্রিজের তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এতে প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের মাংস নষ্ট হয়েছে।
গত অক্টোবরেও ফ্রান্সের শত শত সুপারমার্কেটে একই ধরনের হামলায় বিপুল খাদ্যপণ্য নষ্ট হয়। কোনও কোনও ক্ষেত্রে ফ্রিজে আগুন লাগা ও যন্ত্রাংশ গলে যাওয়ার ঘটনাও ঘটে।
যুক্তরাষ্ট্রেও এমন হামলার নজির রয়েছে। গত আগস্টে অ্যারিজোনার একটি সেনাঘাঁটির বাজারে ডিপ ফ্রিজগুলো স্বয়ংক্রিয়ভাবে বরফ গলানোর মোডে চলে যাওয়ায় সব হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়।
রোড আইল্যান্ডের একটি নৌঘাঁটির শীতলীকরণ ব্যবস্থাও আক্রান্ত হয়েছিল।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাগুলোকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে তদন্ত করছে পেন্টাগন।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক আওয়াইস রশিদ বলেন, অনেক সুপারমার্কেটের ফ্রিজ ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। এসব ব্যবস্থায় প্রয়োজনীয় সফটওয়্যার হালনাগাদ না থাকায় হ্যাকাররা সহজেই নিয়ন্ত্রণ নিতে পারছে। দুর্বল পাসওয়ার্ড ও পুরোনো নিয়ন্ত্রণব্যবস্থাও হামলার ঝুঁকি বাড়াচ্ছে।
হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইউরোপীয় কমিশনের কৃষি ও খাদ্যবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন একে ইউরোপের খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত করার পরিকল্পিত প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। বেলজিয়ামের সরকারি কৌঁসুলিরা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।
এদিকে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র সতর্ক করেছে, ২০২৮ সালের মধ্যে রাশিয়া, চীনসহ বিভিন্ন রাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও জটিল সাইবার হামলা চালাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্রমেই ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় এ ধরনের হামলার ঝুঁকিও বাড়ছে। সূত্র: আল-জাজিরা