✕

সর্বশেষ :
সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ বিপজ্জনক হয়ে ওঠা গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চে বাংলাদেশ এইচএসসি ৯৫ তম ব্যাচের পুনর্মিলনী উৎসবের স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড গাড়ির মেলায় গাড়ির মান যাচাই! দায়িত্বে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী ফের আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৭:৩৩:১৬ |

বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি নিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও স্পেন। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে আলোচনাধীন চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মাদ্রিদে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং স্পেনের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিওর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়। 

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন। এ ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদার, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বাণিজ্য প্রদর্শনীর আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সৃজনশীল অর্থনীতি, শিল্পকলা, কূটনৈতিক সম্পর্ক জোরদারে খেলাধুলার ব্যবহার এবং পর্যটনসহ উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

শামা ওবায়েদ সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরে দুই দেশের মধ্যে প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

দেশজুড়ে খেলাধুলার প্রসারে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।

তিনি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের পথ তৈরির ওপর গুরুত্ব দেন। বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপস’ উদ্যোগে স্পেনকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

স্পেনের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী বেলিও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে মাদ্রিদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভবিষ্যতে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাকে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের উদ্যোগে স্পেনের সমর্থন দেওয়ার প্রস্তুতির কথা জানান।

বৈঠকে আলোচনাধীন দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবিত অন্যান্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশ-স্পেন পররাষ্ট্র দপ্তর পর্যায়ের দ্বিতীয় দফা পরামর্শ বৈঠক আয়োজনের ব্যাপারেও দুই পক্ষ আগ্রহ প্রকাশ করে।

দ্বিপক্ষীয় যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখা এবং অভিন্ন অঙ্গীকারগুলোকে বাস্তব ফলাফলে রূপ দিতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময়ের গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকের শুরুতে স্পেনের তোলেদোতে বুধবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি নিহতদের পরিবারের সদস্য এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..