✕


যে কোরণে ফিফার জরিমানা গুনল স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ০২:৩৩:২২ |

চলতি বছরের মার্চে মিশরের বিপক্ষে একটি ম্যাচের সময় সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ায় স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী প্রীতি ম্যাচের সময় স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফিফা।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বার্সেলোনার কাছে অবস্থিত আরসিডিই স্টেডিয়ামে লা লিগা ক্লাব এস্পানিওলের হোম গ্রাউন্ডের অনুষ্ঠিত ম্যাচে এ ঘটনা ঘটে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচ চলাকালীন স্পেনের কিছু সমর্থক স্লোগান দেয়, ‘যে লাফাবে না, সে মুসলিম’।

দ্বিতীয়বার এই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সতর্কবার্তা দেন এবং স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তা প্রদর্শন করা হয়। স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল যিনি নিজেও একজন মুসলিম। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি একে অসম্মানজনক ও অসহনীয় বলে অভিহিত করেন এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন।

পরদিন স্প্যানিশ পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে ফিফা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে। আরএফইএফ যুক্তি দিয়েছিল, ‘মুসলিম’ শব্দটি অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের দাবি, সমর্থকদের এই আচরণকে ফিফার ১৫ নম্বর অনুচ্ছেদের (যা বৈষম্য ও বর্ণবাদী আচরণের সঙ্গে সম্পর্কিত) আওতায় না এনে ১৭ নম্বর অনুচ্ছেদের আওতায় বিচার করা উচিত, যেখানে রাজনৈতিক, আদর্শগত, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বা শৃঙ্খলা কমিটি এই যুক্তি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ১৫ নম্বর অনুচ্ছেদের অধীনে শাস্তির জন্য কোনো গালি বা আপত্তিকর শব্দ সরাসরি ব্যবহারের প্রয়োজন নেই; বরং কোনো শব্দ যদি নির্দিষ্ট প্রেক্ষাপটে ‘অপমান, উপহাস বা কাউকে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করার’ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে তা বৈষম্যমূলক বলে গণ্য হতে পারে।

ফিফা আরএফইএফ-কে জরিমানা করার পাশাপাশি স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..