✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ০২:৪৬:৫১ |ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা স্থলসেনা পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান সম্ভাব্য মার্কিন স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আর ইরানে স্থলসেনা পাঠানোর বিষয়টিও আমি বিবেচনা করছি না।
ট্রাম্পের এই বক্তব্যের আগে বৃহস্পতিবার সকালে খবর প্রকাশিত হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন তিনি। এ ক্ষেত্রে দেশটিতে ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বোমা ব্যবহারের পরিকল্পনাও তাঁর বিবেচনায় রয়েছে বলে জানানো হয়।
মার্কিন বাহিনীর হাতে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত এসব বোমার প্রতিটির ওজন প্রায় ১০ টন। সর্বশেষ ২০১৭ সালে আফগানিস্তানে এই বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই বোমা ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আলজাজিরা আরও জানিয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তেহরানের ওপর কী ধরনের হামলা চালানো হবে এবং কখন তা করা হতে পারে, সে বিষয়ে তিনি বিবেচনা করছেন বলে স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
সূত্র : আল-জাজিরা।