✕


শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ০২:১৬:৪৮ |

উড়ন্ত গাড়ির ধারণাকে নতুন করে আলোচনায় এনেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের রকেট উন্নয়নকেন্দ্রে নতুন টেসলা রোডস্টারের বিশেষ সংস্করণ প্রদর্শন করা হয়েছে। এতে গাড়িটিকে মাটি থেকে ওপরে উঠে শূন্যে ভাসতে, ডিগবাজি দিতে এবং একাধিক গাড়ি টপকে অবতরণের কৌশল দেখানো হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রায় নয় বছর পর নতুন রোডস্টার সামনে এনে গাড়িটির গতি ও প্রযুক্তিগত সক্ষমতার নানা দিক তুলে ধরেন মাস্ক।

টেসলার তথ্য অনুযায়ী, নতুন রোডস্টার ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিতে চলতে সক্ষম হবে। থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে এর সময় লাগবে এক সেকেন্ডেরও কম। পাশাপাশি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে শূন্যে ভেসে ডিগবাজি দেওয়ার সক্ষমতাও প্রদর্শনীতে দেখানো হয়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাড়িটির একটি ভিডিও প্রকাশ করেন মাস্ক। সেখানে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে মাটি থেকে ওপরে উঠে ভাসতে, উল্টে যেতে এবং বিভিন্ন কৌশলে চলাচল করতে দেখা যায়। প্রদর্শনীতে দ্রুতগতির নানা কসরতের সঙ্গে স্পটলাইট ও ঘন ধোঁয়াও ব্যবহার করা হয়।

টেসলা জানিয়েছে, রোডস্টারটির প্রদর্শনীতে ঠান্ডা গ্যাসের থ্রাস্টার এবং ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটিকে মাটি থেকে ওপরে তোলা এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তার জন্য তৈরি। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা সর্বোচ্চ দুই জি পর্যন্ত আকর্ষণ বল তৈরি করতে পারে।

অনুষ্ঠানে নিজের বন্ধু পিটার থিয়েলের একটি মন্তব্যের প্রসঙ্গ টানেন মাস্ক। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়েছি ১৪০ অক্ষর।’ ২০২২ সালে টুইটার কেনার আগে প্ল্যাটফর্মটিতে একটি পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা ছিল ১৪০। সেই সীমার কথা উল্লেখ করে রসিকতা করার পর মাস্ক বলেন, ‘এখন আর তা নয়।’

টেসলার ওয়েবসাইটে নতুন রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে উড়ন্ত কৌশল দেখানো হলেও গাড়িটি শেষ পর্যন্ত সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাস্ক।

২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের পর থেকেই প্রকল্পটি টেসলার আলোচিত উদ্যোগগুলোর একটি। নতুন মডেলটি সামনে আনা হলেও এর উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র : সিএনবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..