‘সবকিছুর জন্য ধন্যবাদ’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ০০:৪৮:৪১ |

জাতীয় দলের হয়ে নিজের বুটজোড়া আগেই তুলে রেখেছিলেন দি মারিয়া। এবার সে পথেই হাঁটলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এবং দুবার ফাইনালে টেনে নিয়ে যাওয়ার মূল কারিগর লিওনেল মেসি। বন্ধুর বিদায়ে একসঙ্গে হাজারো স্মৃতি, সুখ-দুঃখের সেই অলিখিত ডায়েরির পাতায় যেন হারিয়ে গেলেন ফিদেও।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির অবসর নিয়ে এক প্রতিক্রিয়ায় দি মারিয়া লেখেন, তোমাকে বিদায় জানাতে হচ্ছে—এটা পড়া কত যে কঠিন, আমাদের সেই আকাশি-সাদা জার্সিতে তোমাকে আর কোনোদিন দেখা যাবে না—সেটা মানা কতটা যে কষ্টের! শুধু এটুকু জানি, আমি সঠিক শতাব্দীতেই জন্মেছিলাম, অন্তত তোমার খেলা দেখতে পেরেছি, তোমার জাদু উপভোগ করতে পেরেছি আর সবচেয়ে বড় কথা—জাতীয় দলের জার্সিতে এই পুরোটা সময় তোমার পথচলার সঙ্গী হতে পেরেছি। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হতে দেখেছি, যার মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্নটি ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া।

তিনি আরও বলেন, আজ তুমি সেই সিদ্ধান্তটি নিলে, যা হয়তো তুমি কিংবা আমরা কোনো আর্জেন্টাইনই কখনো আসুক তা চাইনি। কিন্তু সময়টা চলেই এলো, আর আজ জীবনের অন্য যেকোনো দিনের মতোই তোমাকে বুকভরা ভালোবাসা নিয়ে বলতে চাই—অনেক অনেক ধন্যবাদ, সবকিছুর জন্য! তুমি চিরন্তন এবং ইতিহাসের সর্বকালের সর্বসেরা।

মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দি মারিয়া। এর আগে, তারা ২০২১ সালে কোপা আমেরিকা এবং পরবর্তীতে ২০২৪ সালেও আরও একটি কোপা আমেরিকা শিরোপা জয় করেছিলেন। ২০২৪ সালের সেই কোপা আমেরিকা জয়ের পরই নিজে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন দি মারিয়া।

এর আগে ইনস্টাগ্রামে অফিশিয়াল বিবৃতিতে নিজের অবসর নিয়ে মেসি লিখেছেন, ফাইনাল (বিশ্বকাপ) ম্যাচের পর থেকে এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর এবং অনেক ভেবেচিন্তে, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মেসি আরও যোগ করেন, এটি একটি বেদনাদায়ক সিদ্ধান্ত ছিল এবং আজও এটি আমার অন্তরে গভীরভাবে আঘাত করে, তবে আমি বুঝতে পেরেছি যে সময় এসে গেছে। আমি আপনাদের কাছে শপথ করে বলছি, আমি সব সময় আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। এই জার্সির জন্য আমি সব সময় লড়াই করেছি এবং আমার সবটুকু দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে আপনাদের বুক ফুলিয়ে গর্ব করার সুযোগ করে দিতে পারি।

জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মেসি। এর মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হলো এই আলবেসিলেস্তে মহাতারকার। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..