নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে শ্রীলঙ্কার তোরজোড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ০১:০১:১৭ |

শ্রীলঙ্কার ক্রিকেটর দুঃসময় যেন কাটছে না। প্রশাসনিক কার্যক্রমে সরকারের হস্তক্ষেপের মুখে নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনের স্বত্ব শ্রীলঙ্কার কাছ কেড়ে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি নারী চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড জানিয়েছে, টুর্নামেন্টটি যাতে দেশেই আয়োজন করা সম্ভব হয়, সেজন্য তারা একেবারে গোড়া থেকে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনমূলক পদক্ষেপ নেবে।

দেশটির ক্রীড়ামন্ত্রীর নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান এরান বিক্রমারত্নে জানিয়েছেন, ক্রিকেট বোর্ড প্রশাসনিক কাঠামোয় সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিয়েই বিক্রমারত্নে বলেন, আমরা একেবারে গোড়া থেকেই সবকিছু ঠিকঠাক করে তোলার ব্যাপারে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কোনোভাবেই পিছু হটছি না।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড(এসএলসি) প্রশাসনিক কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের কারণে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ছয় দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শ্রীলঙ্কার বাইরে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটির কর্মকর্তা প্রকাশ শাফটার জানিয়েছেন, আড়াই মাস আগেই আইসিসি ইঙ্গিত দিয়েছিল, তারা শ্রীলঙ্কার বাইরে অন্য কোনো বিকল্প ভেন্যু খুঁজছে।

সোমবার সাংবাদিকদের শাফটার বলেন, এসএলসি-র প্রশাসনিক ও পরিচালনা সংক্রান্ত জটিলতার কারণে তারা এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে আমাদের জানায়নি। তবে আমরা আশা করছি, আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তা তাদের সামনে তুলে ধরতে পারব এবং এর মাধ্যমে তাদের হয়তো এখানেই টুর্নামেন্টটি আয়োজনে রাজি করানো সম্ভব হবে।

অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, আইসিসির সাথে নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন। সাঙ্গাকারা বলেন, আমরা এখন একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং পরবর্তীতে একটি নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তৎকালীন এসএলসি প্রশাসনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর গত এপ্রিলে বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ক্রীড়ামন্ত্রী এসএলসি-র গঠনতন্ত্র ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর লক্ষ্যে বর্তমান ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেন। তবে সদস্য দেশগুলোর প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি আইসিসি সমর্থন করে না।

আগামী বছরে অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়নস ট্রফি রাউন্ড-রবিন পদ্ধতিতে ছয়টি দল অংশ নেবে। উদ্বোধনী এই আসরে শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..