✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১১:২৫:৩২ |মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ডের জন্ম দিচ্ছেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই বিস্ময়বালক মাত্র ১৬ বছর বয়সেই পেশাদার ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন। এবার মেজর লিগ সকারের ইতিহাসে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন সুলিভান।
বাংলাদেশ সময় আজ ভোরে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের এই জয়ে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কাভান।
১৬ বছর ৩৩৬ দিন বয়সে তিনি মেজর লিগ সকারের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল অথবা গোলে অ্যাসিস্টের মাধ্যমে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন। বয়সের বিচারে এমন ধারাবাহিকতা এই লিগে বিরল।
রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে কাভানের ব্যক্তিগত দক্ষতার ঝলক দেখা যায়। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে ৩৪তম ম্যাচে এটি ছিল তার তৃতীয় গোল।
শুধু গোল করাই নয়, টানা চার ম্যাচে গোল কিংবা গোলে সহায়তার মাধ্যমে কাভান যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তাতেও তিনি আলাদা জায়গা করে নিয়েছেন। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে টানা চার ম্যাচে এমন অবদান রাখার নজির রয়েছে মাত্র তিনজনের।
২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল কাভানের। এরপর থেকেই তার প্রতিভা নিয়ে আলোচনা চলছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই প্রতিভাই এখন রূপ নিচ্ছে রেকর্ডে।
কাভানের ইতিহাস গড়ার রাতটি রেড বুলসের জন্য ছিল হতাশার। ফিলাডেলফিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারাও শেষ হয়েছে নিউইয়র্কের দলটির।