চলন্ত গাড়িতে বসে ফোনে মেসেজ পড়া, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গিয়ে অনেকেরই বমি বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি হয়। এ সমস্যাকে বলা হয় মোশন সিকনেস। ব্যবহারকারীদের এ ধরনের অস্বস্তি কমাতে আইফোনে ‘ভেহিকল মোশন কিউজ’ (Vehicle Motion Cues) নামে একটি নতুন ফিচার যুক্ত করেছে অ্যাপল।
বিশেষজ্ঞদের মতে, গাড়ি চলার সময় শরীর বুঝতে পারে যে আপনি গতিশীল অবস্থায় আছেন। কিন্তু ফোনের স্থির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ একই ধরনের নড়াচড়া অনুভব করতে পারে না। চোখ ও শরীরের এই সংকেতের অসামঞ্জস্য থেকেই মোশন সিকনেসের উপসর্গ দেখা দেয়।
এই সমস্যা কমাতে স্ক্রিনের দুই পাশে ছোট ছোট অ্যানিমেটেড বিন্দু দেখায় ভেহিকল মোশন কিউজ। গাড়ির গতি, বাঁক নেওয়া বা ব্রেক করার সঙ্গে তাল মিলিয়ে এসব বিন্দুও নড়াচড়া করে। এতে চোখ ও শরীরের সংকেতের মধ্যে সামঞ্জস্য তৈরি হতে পারে, ফলে অস্বস্তি কিছুটা কম অনুভূত হয়।
কতটা কার্যকর?
ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুযায়ী, ফিচারটি অনেকের ক্ষেত্রে ইতিবাচক ফল দিয়েছে। কেউ কেউ জানিয়েছেন, এটি চালু করার পর চলন্ত গাড়িতে ফোন ব্যবহার বা বই পড়তে আগের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তবে সবার ক্ষেত্রে ফল একই রকম নয়। বিশেষজ্ঞদের মতে, মোশন সিকনেস ব্যক্তি ভেদে ভিন্ন হওয়ায় ফিচারটির কার্যকারিতাও সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে।
যেভাবে চালু করবেন
Settings-এ যান।
Accessibility নির্বাচন করুন।
Motion অপশনে প্রবেশ করুন।
Vehicle Motion Cues চালু করুন।
চাইলে Automatic নির্বাচন করতে পারেন। এতে গাড়িতে উঠলেই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
কোন ডিভাইসে পাওয়া যাবে?
ভেহিকল মোশন কিউজ ফিচারটি আইফোনের নতুন সংস্করণের iOS-এ যুক্ত হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সংস্করণের iPadOS ও macOS-সমর্থিত ডিভাইসেও এটি ব্যবহার করা যায়। ব্যবহারকারীরা চাইলে স্ক্রিনে প্রদর্শিত বিন্দুর রং, আকার ও সংখ্যা নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
মোশন সিকনেস কমাতে আরও কিছু পরামর্শ
সম্ভব হলে গাড়ির সামনের আসনে বসুন।
দীর্ঘ সময় ফোন বা বইয়ের দিকে না তাকিয়ে মাঝেমধ্যে দূরের দিকে তাকান।
গাড়ির ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
ভারী খাবার খাওয়ার পরপরই দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন।
সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
গাড়িতে ফোন ব্যবহার করতে গিয়ে যারা নিয়মিত মোশন সিকনেসে ভোগেন, তাদের জন্য ভেহিকল মোশন কিউজ একটি সহায়ক ফিচার হতে পারে। তবে এটি কোনো চিকিৎসা নয় এবং সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর নাও হতে পারে। সূত্র: বিবিসি
এ জাতীয় আরো খবর..