✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২০:১১:২৫ |নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. ইমন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সোনামিয়া স্টেডিয়াম সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ঢাকার ডেমরা থানার বড় ভাঙ্গা (সারুলিয়া) এলাকার ঝালমুড়ি বিক্রেতা মিলন মিয়া ও মমতাজ বেগমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমনের বাবা মিলন মিয়া সোনামিয়া স্টেডিয়াম এলাকায় ঝালমুড়ি বিক্রি করতে আসেন। বাবার সঙ্গে বেড়াতে এসে ইমন অপর কয়েকজন শিশুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি তার বাবাকে জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ইমনের মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্টেশন লিডার হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদীর তলদেশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নদীতে গোসল বা নামার সময় সবাইকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।