✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৪:০২:১৫ |ইউরোপের বাজারে ছোট বৈদ্যুতিক গাড়ির চাহিদা মাথায় রেখে নতুন মডেল ‘ইনস্টার লাউঞ্জ’ বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। এটি তাদের জনপ্রিয় ছোট এসইউভি ‘ইনস্টার’-এর প্রিমিয়াম সংস্করণ। বিলাসবহুল ফিচার যুক্ত করে গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
হুন্দাইয়ের ইনস্টার ইউরোপের বাজারে প্রতিষ্ঠানটির সবচেয়ে ছোট এবং সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি। পাশাপাশি এটি হুন্দাইয়ের সবচেয়ে জনপ্রিয় ইভি। ২৫ হাজার ইউরো বা ২৮ হাজার ৫০০ ডলারের কমে এটি কেনা যায়। ইউরোপের বাজারে ছোট আকারের বৈদ্যুতিক গাড়ির মধ্যে বিক্রির দিক থেকে ইনস্টার ২০২৫ সালে দ্বিতীয় অবস্থানে ছিল। চলতি বছরেও গাড়িটি তার এই অবস্থান ধরে রেখেছে।
নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে হুন্দাই বাজারে এনেছে ইনস্টার লাউঞ্জ নামের ফ্ল্যাগশিপ মডেল। ইনস্টার ক্রস মডেলের গাড়িটি যেখানে রুক্ষ রাস্তার জন্য তৈরি হয়েছিল, সেখানে নতুন লাউঞ্জ মডেলে বিলাসবহুল অভ্যন্তরীণ নকশা করা হয়েছে। এতে বেশ কিছু আধুনিক সুবিধাও যুক্ত করা হয়েছে।
গাড়ির ভেতরে প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য হুন্দাই এতে যুক্ত করেছে চামড়ার আসন, কেভলার মেমব্রেন সমৃদ্ধ উন্নত মানের স্পিকার এবং বিশেষ ধরনের হেডলাইনার ও সান ভাইজার। গাড়ির আকার ছোট হলেও ভেতরে জায়গা ব্যবহারের সর্বোচ্চ সুযোগ রাখা হয়েছে। সামনের দিকের আসনগুলো পুরোপুরি ভাঁজ করা যায় এবং দ্বিতীয় সারির আসন প্রয়োজন অনুযায়ী সরিয়ে জায়গা বাড়ানো সম্ভব।
নতুন এই মডেলে দুটি ব্যাটারি ও মোটর অপশন রয়েছে। একটি মডেলে আছে ৪২ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি এবং ৯৫ হর্সপাওয়ারের মোটর। অন্যটিতে রয়েছে ৪৯ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি ও ১১২ হর্সপাওয়ারের শক্তিশালী মোটর। হুন্দাইয়ের তথ্যানুযায়ী, একবার পূর্ণ চার্জে গাড়িটি প্রায় ৩৬০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। চার্জিং সুবিধার ক্ষেত্রেও গাড়িটি বেশ আধুনিক। ১২০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে মাত্র ৩০ মিনিটে ব্যাটারি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
হুন্দাই মোটর ইউরোপের প্রেসিডেন্ট হাভিয়ের মার্তিনেত জানান, ইনস্টার লাউঞ্জ মডেলের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে, শহরের উপযোগী এসইউভি গাড়ির নকশা আরামদায়ক যাত্রা এবং নমনীয়তার সঙ্গে এক্সক্লুসিভ বৈশিষ্ট্যের চমৎকার সমন্বয় ঘটাতে পারে।
গাড়িটির বাইরে বিশেষ রং হিসেবে ব্যবহার করা হয়েছে ‘গ্লো মিন্ট’। এছাড়া অ্যাটলাস হোয়াইট, আনব্লিচড আইভরি, টমবয় খাকি এবং অ্যাবিস ব্ল্যাক পার্ল রঙের বিকল্পও থাকছে। ভেতরের অংশে ডার্ক গ্রে ও মিন্ট গ্রিন রঙের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে।
জার্মানিতে ৪৯ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারিযুক্ত হুন্দাই ইনস্টার লাউঞ্জের দাম শুরু হয়েছে ২৯ হাজার ৮৫০ ইউরো থেকে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় হুন্দাই এই গাড়িটি ‘ক্যাসপার ইলেকট্রিক’ নামে বিক্রি করে থাকে, যা ইউরোপের বাজারে ইনস্টার নামে পরিচিত।