✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৩:৩৯:৪৬ |নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দিবাগত রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে চান্দুয়াইল এলাকায় এসে একটি মোটরসাইকেলের আরোহীদের দেখতে না পেয়ে তাদের খোঁজ করতে থাকেন অন্যরা। একপর্যায়ে গজারমারি সেতু-সংলগ্ন সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম বলেন, দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।