রামিসার কবরের পাশে দাদার নীরব অপেক্ষা, গ্রামে শোকের মাতম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৭:৪৪:৫৬ |

ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফনের পরও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিজ গ্রামে থামেনি শোকের মাতম। পরিবারের সদস্যরা ঢাকায় ফিরে গেলেও পারিবারিক কবরস্থানে নীরবে দাঁড়িয়ে আছেন তার চাচাতো দাদা ৯০ বছর বয়সী মজিবর রহমান মোল্লা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য খোঁড়া কবরের মাটি এখনো ভেজা। কবরের মাঝখানে লাগানো একটি সূর্যমুখী ফুল গাছ মাথা নুইয়ে আছে যেন চারপাশের শোকের ভারই বহন করছে। নীরব পরিবেশে কবরের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দাদার চোখেমুখে স্পষ্ট অসহায়ত্ব আর শোকের ছাপ।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে জানাজা শেষে রামিসাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে রামিসার বাবা-মা ঢাকায় ফিরে গেলেও তার চাচাতো দাদা মজিবর রহমান মোল্লা কবরের পাশ ছাড়েননি। 

রামিসার চাচাতো ভাই রানা মোল্লা বলেন, রামিসার পরিবার স্থায়ীভাবে গ্রামে থাকে না। তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদ-পার্বণে তারা গ্রামে আসতেন। রামিসা খুব চঞ্চল ও প্রাণবন্ত ছিল। বাড়িতে এলেই সবার সঙ্গে মিশে পুরো বাড়ি মাতিয়ে রাখত।

তিনি আরও বলেন, এমন একটি নিষ্পাপ শিশুকে যে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে কঠোর শাস্তির মাধ্যমে যেন এমন ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জানাজার পর জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এ ছাড়া বিকেল ৫টায় জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা সিরাজদিখান বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

পরিবার জানায়, দুই বোনের মধ্যে রামিসাই ছিল ছোট। তার নৃশংস মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও প্রতিবাদের সুর। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..