✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২২:০২:২৩ |কুমিল্লার হোমনায় পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকা থেকে ধাওয়া করে পাশের মেঘনা থানার মানিকারচর এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা হলেও পাচারকারীর ফেলে যাওয়া গাড়িটির দাম প্রায় ২০ লাখ টাকা।
পুলিশ জানায়, হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় ছিনাইয়া থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ। সংকেত অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে পার্শ্ববর্তী মেঘনা থানার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করে। এসময় চালক পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে পেছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানিয়েছেন, গাঁজা ও প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে। গাঁজার মূল্য ৬ লাখ টাকা হবে। গাড়িটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।