বিয়ের আনুষ্ঠানিকতার ব্যস্ততা পেরিয়ে এখন নিরিবিলি সময় কাটাচ্ছেন দক্ষিণী পর্দার আলোচিত দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। কয়েক সপ্তাহ আগেই রাজকীয় আয়োজনে তাঁদের বিয়ে ঘিরে সরগরম ছিল বিনোদন দুনিয়া। এবার সেই উৎসবের ভিড় থেকে দূরে গিয়ে তাঁরা আশ্রয় নিয়েছেন থাইল্যান্ডে।
সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, সবুজে ঘেরা একটি নিরিবিলি আবাসনের সিঁড়িতে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে আছেন দুজন। চারপাশে গাছপালা, নীরব পরিবেশ, আর দুজনের সহজ পোশাক সব মিলিয়ে ছবিটি যেন ব্যক্তিগত সময়ের এক স্বতঃস্ফূর্ত মুহূর্ত ধরে রেখেছে। কাছের মানুষ ছাড়া আর কেউ নেই এমন পরিবেশেই কাটছে তাঁদের এই বিশেষ সময়।
জানা গেছে, একটি ব্যক্তিগত আবাসনেই অবস্থান করছেন তাঁরা, যেখানে পুরো জায়গাটিই আপাতত তাঁদের জন্য নির্ধারিত। দীর্ঘ বিয়ের আয়োজন, অতিথি আপ্যায়ন আর নানা সামাজিক পর্বের পর এই সফরেই প্রথমবার নিজেদের মতো করে সময় পাচ্ছেন এই নবদম্পতি।
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুর এ জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বিজয় ও রশ্মিকা। বিয়ের পরপরই তাঁদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কারণ তারকাসুলভ দূরত্ব না রেখে নানা আচার-অনুষ্ঠানে তাঁদের স্বাভাবিক উপস্থিতি অনুরাগীদের আলাদা করে আকৃষ্ট করে। অতিথিদের সঙ্গে কথা বলা, নিজ হাতে খাবার পরিবেশন, একে অপরকে খাইয়ে দেওয়া সবকিছুতেই ছিল সহজ আন্তরিকতা।
বিয়ের আনন্দ ভাগ করে নিতে দেশের বিভিন্ন শহরে মিষ্টিও পাঠিয়েছিলেন তাঁরা। হায়দ্রাবাদ, দিল্লী, মুম্বাই, চেন্নাই,সহ একাধিক শহরে পৌঁছায় সেই শুভেচ্ছা।
এখন যদিও তাঁরা আছেন জনসমাগমের বাইরে, খুব বেশিদিন এই বিরতি থাকবে না। কারণ সামনে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তাঁরা। পরিচালক রাহুল সংকৃত্যায়নের-এর নতুন ছবি রানাবলি-তে জুটি হয়ে দেখা যাবে তাঁদের। ঊনবিংশ শতকের ভারতকে পটভূমি করে নির্মিত হতে যাওয়া এই ছবিকে ঘিরেও ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিয়ের পরের প্রথম নিরিবিলি সফর, আর সেই সফরের একটি অনানুষ্ঠানিক ছবি এই দুটিই এখন অনুরাগীদের আলোচনার কেন্দ্র।