হঠাৎ শ্বাস নিতে শুরু করেন মৃত ঘোষিত নারী, অতঃপর...

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ২৩:২৬:২০ |
বেঁচে থাকার আর কোনো আশা নেই, চিকিৎসকদের কাছ থেকে এমন কথা শুনে ভেঙে পড়েছিল রোগীর পরিবার। এক পর্যায়ে ভিনিতা শুক্লা নামের ওই নারীকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে আহাজারির পর্ব শেষে পরিবারের সদস্যরা তাকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ঘটে আজব এক ঘটনা।

বুধবার (১১ মার্চ) হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি তাঁকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ভিনিতা শ্বাস নিচ্ছিলেন না। কিন্তু অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে হঠাৎ আবার শ্বাস নিতে শুরু করেছেন তিনি।

ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে। পরিবার জানায়, ভিনিতা শুক্লা নামের ওই নারী গত ২২ ফেব্রুয়ারি বাড়ির কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য বেরেইলির একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি কার্যত ‘ব্রেন ডেড’ অবস্থায় আছেন।

এরপর পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে হাফিজগঞ্জ এলাকায় একটি বড় গর্তে পড়লে অ্যাম্বুলেন্সটিতে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। স্বামী কুলদীপ জানান, গর্তে পড়ার পর অ্যাম্বুলেন্সটি জোরে দুলে ওঠে। ঠিক তার পরপরই ভিনিতা হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে যান এবং দ্রুত শেষকৃত্যের সব প্রস্তুতি বন্ধ করে দেন।

চিকিৎসকরা জানান, ফের হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় পরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং পরবর্তী চিকিৎসার ফলে ভিনিতার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটে। একদিনের মধ্যেই ভিনিতা অনেকটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। কুলদীপ কুমার শুক্লা এই ঘটনাকে মৃত্যুকে জয় করা বলে বর্ণনা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..