মধ্যপ্রাচ্যকে অতল গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে: মস্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২২:২৬:২৮ |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন এক সংঘাতের মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপে’ মধ্যপ্রাচ্যকে এক ‘অতল গহ্বরে’ ঠেলে দিচ্ছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ওয়াশিংটন ও তেল আবিব এমন এক অভিযানে নেমেছে, যা অঞ্চলটিকে মানবিক, অর্থনৈতিক এমনকি সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।


এতে বলা হয়, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন উত্তেজনা উসকে দেওয়া হচ্ছে এবং এতে আঞ্চলিক দেশগুলো আরও শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জনের দিকে ঝুঁকতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের নেতৃত্ব ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি দূর হবে এবং ইরানের জনগণ তাদের শাসকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ পাবে।

এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করেন। ইংরেজিতে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘শান্তির দূত আবার সক্রিয় হয়েছেন। ইরানের সঙ্গে আলোচনা ছিল শুধু আড়াল।’

মেদভেদেভ যুক্তরাষ্ট্রের ইতিহাসের সঙ্গে প্রাচীন পারস্য সভ্যতার তুলনাও টানেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর, আর পারস্য সাম্রাজ্যের সূচনা আড়াই হাজার বছরেরও আগে। ‘দেখা যাক, ১০০ বছর পর কী হয়,’ মন্তব্য করেন তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে রাশিয়ার এই অবস্থান বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..