বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো তাদের নতুন অল-ইলেকট্রিক এসইউভি ‘ইএক্স৬০’ উন্মোচন করেছে। গত বুধবার সুইডেনের স্টকহোমে নিজস্ব ডিজাইন স্টুডিওতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে গাড়িটি প্রদর্শন করা হয়। দারুণ নকশা আর অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি একবার চার্জে প্রায় ৬৪৩ কিলোমিটার পথ চলতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ এটি বাজারে আসার কথা রয়েছে।
ভলভো ইএক্স৬০ মূলত প্রতিষ্ঠানটির বর্তমান জনপ্রিয় এসইউভি এক্সসি৬০-এর ইলেকট্রিক সংস্করণ। এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন ‘এসপিএ৩’ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে। এতে ব্যবহার করা হয়েছে ৮০০ ভোল্টের ইলেকট্রিক প্ল্যাটফর্ম। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা এর দ্রুত চার্জিং ক্ষমতা। ৪০০ কিলোওয়াট ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ১০ মিনিটের চার্জে গাড়িটি প্রায় ২৭৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
গাড়িটি মূলত তিনটি সংস্করণে পাওয়া যাবে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘পি১২’ অল-হুইল ড্রাইভ সংস্করণটি একবার ফুল চার্জে সর্বোচ্চ ৪০০ মাইল বা ৬৪৩ কিলোমিটার পথ চলতে পারে। অন্য দুটি সংস্করণ ‘পি১০’ এবং ‘পি৬’ যথাক্রমে ৩২০ মাইল ও ৩১০ মাইল মাইলেজ দেবে। ভলভো দাবি করেছে, এই দীর্ঘ পাল্লার সক্ষমতা গ্রাহকদের মনে চার্জ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দূর করবে। এ ছাড়া এতে টেসলার সুপারচার্জার নেটওয়ার্কের সুবিধাও রাখা হয়েছে।
ইএক্স৬০ গাড়িতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই’। এটি চালকের সঙ্গে স্বাভাবিক ভাষায় কথোপকথন চালাতে পারে। কোনো নির্দিষ্ট কমান্ড ছাড়ায় কথা বলার মাধ্যমে গাড়ির বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। ভলভো এই প্রযুক্তিকে বলছে ‘হুগিনকোর’ সিস্টেম। এটি এনভিডিয়া ও কোয়ালকমের প্রসেসিং ক্ষমতার সমন্বয়ে তৈরি, যা গাড়িটিকে আরও স্মার্ট ও নিরাপদ করে তুলেছে।
ডিজাইনের ক্ষেত্রেও ভলভো চমক দেখিয়েছে। এর সামনের গ্রিলটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা বাতাসের বাধা কমিয়ে দেয়। গাড়ির ছাদ কিছুটা নিচু ও পাশের অংশগুলো মসৃণ হওয়ায় এটি বেশ অ্যারোডাইনামিক। এ ছাড়া ২০২৮ মডেল হিসেবে ইএক্স৬০-এর একটি অফ-রোড সংস্করণ ‘ক্রস কান্ট্রি’ আগামী বছর বাজারে আসবে। এই সংস্করণে বাড়তি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও রুক্ষ রাস্তায় চলার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে।
নিরাপত্তার দিক থেকেও ইএক্স৬০ আগের সব মডেলকে ছাড়িয়ে যাবে বলে দাবি করছে ভলভো। এতে রয়েছে অসংখ্য উন্নত সেন্সর, যা প্রতিনিয়ত চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। ভলভো কারসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান স্যামুয়েলসন বলেন, ‘ইএক্স৬০ আমাদের জন্য একটি নতুন শুরুর প্রতীক। এটি রেঞ্জ, চার্জিং এবং দামের ক্ষেত্রে প্রচলিত ধারণা বদলে দেবে।’
বর্তমানে ইউরোপের বাজারে গাড়িটির বুকিং শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি আসবে আগামী বসন্তে। সুইডেনের কারখানায় এই বসন্তে গাড়িটির উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। দামের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাজার বিশ্লেষকদের ধারণা, এর দাম ৬০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি হতে পারে।
এ জাতীয় আরো খবর..