২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকার আভাস দিয়েছে। যেখানে ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত হলেও বাকি ৬টি পজিশনের জন্য চলছে তীব্র লড়াই।
প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির পরিকল্পনায় থাকা ২০ জন খেলোয়াড়কে বিশ্বকাপের জন্য অপরিবর্তিত রাখা হচ্ছে। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগের কান্ডারি হিসেবে আছেন ওতামেন্দি, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও তালিয়াফিকোরা।
মিডফিল্ডে ডি পল, এনজো ফার্নান্দেস ও ম্যাক অ্যালিস্টারদের অভিজ্ঞতার পাশাপাশি জায়গা পাচ্ছেন তরুণ নিকোলাস পাজ। আক্রমণভাগে যথারীতি অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
বাকি ৬টি পজিশনের জন্য বেশ কয়েকজন তারকা স্কালোনির রাডারে রয়েছেন। তৃতীয় গোলরক্ষক হিসেবে ওয়াল্টার বেনিতেজ এগিয়ে থাকলেও রক্ষণভাগে হুয়ান ফয়েথ ও তরুণ ভালেন্তিন বার্কোর মধ্যে প্রতিযোগিতা চলছে।
মিডফিল্ডে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং আক্রমণভাগে হোসে ম্যানুয়েল লোপেজের অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল। তবে বড় ক্লাবে খেললেও ধারাবাহিকতার অভাবে আলেহান্দ্রো গারনাচোর জায়গা পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
স্কোয়াডের সবচেয়ে বড় চমক হতে পারে পাউলো দিবালার অনুপস্থিতি। চোট ও অফ-ফর্মের কারণে এই ফরোয়ার্ড আপাতত জাতীয় দলের ভাবনায় নেই। একই কারণে মাতিয়াস সুলে ও আলান ভারেলাদেরও স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তবে বিশ্বকাপ শুরুর আগে চোট বা ফর্মের ওপর ভিত্তি করে স্কালোনির এই তালিকায় পরিবর্তনের পথ খোলা থাকছে।
বিশ্বকাপের ‘গ্রুপ জে’-তে থাকা আলবিসেলেস্তেদের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমান চ্যাম্পিয়নদের মিশন শুরু হবে আগামী ১৬ জুন কানসাস সিটিতে, আলজেরিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এ জাতীয় আরো খবর..