রাজধানীর গুলশানে এক ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের অভিযোগে তিন অপ্রাপ্তবয়স্কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান রোববার (৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নদ্দা এলাকার মোড়েল বাজারে মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়।
ওসি রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় কেউ মামলা না করলেও আমরা নিজের উদ্যোগে ব্যবস্থা নিয়েছি। আটক পাঁচজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশ জানায়, আটকরা সবাই মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, ওই নারী সেদিন সকালে মাদরাসায় প্রবেশ করেছিলেন। পরে অভিযুক্তরা তাকে চুরির অভিযোগে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করে।
আটকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..