নারী উন্নয়নের ইতিহাসে সোনালী অধ্যায় রচনা করেন খালেদা জিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩১, | ১২:৫০:০৪ |
নারীর ক্ষমতায়ন শুধু একটি স্লোগান নয়, একটি জাতির জাগরণের মূল সুর। সেই সুরকে বাস্তবতার জমিনে রোপণ করেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রক্ষণশীল সমাজে দেশ শাসনের কঠিন পথে হেঁটে তিনি দেখিয়েছিলেন, নারীর হাতে নেতৃত্ব থাকলে সমাজের অর্ধেক অংশ কীভাবে আলোর পথে হাঁটতে পারে। ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ তাঁর শাসনামলে তার গৃহীত সুদূরপ্রসারী নীতি ও পদক্ষেপগুলি নারী উন্নয়নের ইতিহাসে এক সোনালী অধ্যায় রচনা করেছে।


শিক্ষায় বিপ্লব: মুক্তির মন্ত্র
শিক্ষাই যে নারীর মুক্তির মূল মন্ত্র, তা অনুধাবন করেই তার সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৯৪ সাল থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার দুয়ার খুলে দেওয়া হয়। এটি কেবল একটি সরকারি সিদ্ধান্ত ছিল না, ছিল অর্থনৈতিক প্রাচীর ভেঙে শিক্ষাকে প্রান্তিক নারীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ।

একই সঙ্গে প্রবর্তিত হয় ছাত্রী উপবৃত্তি প্রকল্প। এই অর্থনৈতিক সহায়তার হাত ধরেই হাজারো দরিদ্র অভিভাবক তাদের কন্যাদের বিদ্যালয়ে পাঠাতে সাহস পান। কন্যাশিশু আর বোঝা নয়, বরং শিক্ষাদীক্ষায় আলোকিত এক নতুন দিনের প্রতীক হয়ে ওঠে।

১৯৯৩ সালে চালু হওয়া 'শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি' গ্রামাঞ্চলে অভাবী পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী করে, যেখানে কন্যাশিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শিক্ষাকে সর্বসাধারণের জন্য সহজলভ্য করতে তার শাসনামলে নেওয়া হয় এক যুগান্তকারী পদক্ষেপ। ১৯৯২ সালের ২১ অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই দূরশিক্ষণ প্রতিষ্ঠানটি নারীসহ কর্মব্যস্ত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করে, যা নারীর জীবনযাত্রায় শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে এক গভীর প্রভাব ফেলে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজ নারী শিক্ষার উন্নয়নে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। ২০০৪ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৬ সালের ৭ জুন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

২০০৫ সালের সেপ্টেম্বর মাসে সংসদে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর সনদ আনুষ্ঠানিকভাবে অনুমোদনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালের মার্চে শিক্ষার আলো নিয়ে শিক্ষার্থীদের জন্য খুলে যায় এর দ্বার। যা আজ হাজারো নারীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার শক্তিশালী বাতিঘরে পরিণত হয়েছে।


ক্ষমতায়ন ও স্বীকৃতির ভিত্তিপ্রস্তর

নারীকে কেবল শিক্ষিত করাই নয়, সমাজের মূল স্রোতে তাকে যথাযথ স্থান দেওয়ার প্রয়াসও তার নীতিতে সুস্পষ্ট ছিল।

তিনি নিজে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে একটি রক্ষণশীল সমাজে নারীর রাজনৈতিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই নেতৃত্ব লাখো নারীকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, বিশ্বের অন্যতম মুসলীম নারী প্রধানমন্ত্রীদের একজন।

১৯৯৪ সালে তার সরকারের বিশেষায়িত উদ্যোগ হিসেবে মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে বর্ধিত করে 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে' রূপান্তরিত করা হয়, যা নারী ও শিশুর সুনির্দিষ্ট উন্নয়নে মনোযোগ দিতে সাহায্য করে।

নারী সমাজের বরেণ্য ব্যক্তিত্বদের কাজের স্বীকৃতি দিতে ১৯৯৫ সাল থেকে প্রবর্তন করা হয় মর্যাদাপূর্ণ 'বেগম রোকেয়া পদক'। এই পদক সমাজে নারীর যোগ্যতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এক প্রাতিষ্ঠানিক সূচনা।

কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতা

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া উন্নয়ন অসম্ভব। তাই পোশাক শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়।

তার প্রথম শাসনামলে দেশের তৈরি পোশাক শিল্পের দ্রুত বিকাশ ঘটে, যা লাখো গ্রামীণ নারীর জন্য অর্থনৈতিক স্বনির্ভরতার পথ খুলে দেয়। তারা শুধু কর্মী হিসেবে নয়, বরং পরিবারের সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হিসেবে উঠে আসে।

নারীশিক্ষা, দারিদ্র বিমোচন, জিডিপি বৃদ্ধি ও অর্থনৈতিক সংস্কারের জন্য ২০০৪ সালে ফোর্বস সাময়িকীতে তিনি বিশ্বের ১০০ ক্ষমতাবান নারী নেত্রীর মধ্যে ১৪তম স্থান অর্জন করেন।

বেগম খালেদা জিয়ার নারী উন্নয়ন কর্মসূচিগুলি কেবল বিচ্ছিন্ন কিছু উদ্যোগ ছিল না; তা ছিল এক সুসংগঠিত পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য ছিল নারীকে শিক্ষা, অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে সক্ষম করে তোলা। শিক্ষার আলো বিতরণ, অর্থনৈতিক সক্ষমতা দান এবং রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার মাধ্যমে তিনি বাংলাদেশের নারীর চলার পথে শক্ত ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। তার দেখানো পথ ধরেই আজকের বাংলাদেশের নারী ঘরের চৌকাঠ পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করছেন। বাংলাদেশের নারী উন্নয়নের ইতিহাসে তাই তার নামটি এক কৃতজ্ঞতার স্বাক্ষর নিয়ে চিরদিন উজ্জ্বল থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...