কঠোর পরিশ্রমে ফাইনালে উঠেছি, কারো দয়ায় নয় : মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১১:৩২:৪৬ |

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের জবাব দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা বলছেন, গত চার বছরে আর্জেন্টিনার সাফল্য কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং দলের সামর্থ্যের ফল এবারের ফাইনাল। কোনো কিছুই তাদের উপহার হিসেবে দেওয়া হয়নি।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশে এ মন্তব্য করেন মেসি। সেমিতে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস।

ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডকে হারায়। এছাড়া, নিয়মিত সময় শেষ হওয়ার মাত্র ১১ মিনিট আগে ২-০ গোলে পিছিয়ে থেকেও মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় দলটি।

তবে এসব ম্যাচের পর সুইজারল্যান্ড ও মিশরের কোচরা রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে মিশরের কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ফুটবল কর্তৃপক্ষ আর্জেন্টিনা ও মেসিকে সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন দাবি ছড়িয়ে পড়ে যে, টুর্নামেন্টের সূচি ও রেফারিং আর্জেন্টিনার পক্ষে ছিল।

এসব অভিযোগ উড়িয়ে দিয়ে মেসি বলেন, গত চার বছরে আমরাই সেরা দল ছিলাম— কারও ভালো লাগুক বা না লাগুক। আমরা আবারও বিশ্বের সেরা দুই দলের একটি হিসেবে নিজেদের প্রমাণ করেছি। এতে পরিষ্কার, আমাদের অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয় এবং আমাদের কিছুই উপহার হিসেবে দেওয়া হয়নি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচের ৬৭তম মিনিটে সুইস খেলোয়াড় ব্রিল এম্বোলোর ওপর ট্যাকলের জন্য আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, সংস্পর্শের আগেই এম্বোলো পড়ে যান। এর আগে একটি হলুদ কার্ড থাকায় এম্বোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এবং ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

ম্যাচ শেষে সুইস কোচ মুরাত ইয়াকিন বলেন, একটি নিয়মের কারণে আমরা শাস্তি পেয়েছি, যা আমার মতে একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের। আমার বিশ্বাস, আজ আমার খেলোয়াড়রাই প্রকৃত নায়ক।

অন্যদিকে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে অভিযোগ করে, তাদের বিপক্ষে ম্যাচে রেফারিং ছিল অন্যায্য ও পক্ষপাতদুষ্ট।

এদিকে, সেমিফাইনালে সমতা ফেরানোর গোলের পর নিজের উদযাপন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তিনি জানান, কান চেপে ধরা ও হাতের ইশারায় সমালোচকদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছিলেন। অনেক কথা বলা হচ্ছিল। গোলের পর সেটা ছিল আনন্দ আর জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও পক্ষপাতের অভিযোগ নাকচ করে বলেন, এ ধরনের কথা সবসময়ই থাকবে। এখন ভিএআর ব্যবস্থার যুগে কাউকে গোপনে সুবিধা দেওয়া খুবই কঠিন। আমরা জানতাম, আমাদের জন্য কোনো বিশেষ সহায়তা ছিল না।

আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেসির দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..