ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্লাওয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১১:১৭:৪৪ |

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে বিদায় করেছে ইসিবি। আসন্ন পাকিস্তান সিরিজের আগে হাতে আছে এক মাসের মত সময়। এর মধ্যেই নতুন টেস্ট কোচ খুঁজে বের করতে হবে ইংল্যান্ডকে।

ম্যাককালামের বিদায়ের পর থেকে অভিজ্ঞ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম ছিল আলোচনায়। তবে এবার ইংল্যান্ডের টেস্ট কোচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেন ফ্লাওয়ার নিজেই।

দ্যা হান্ড্রেডে লন্ডন স্পিরিটির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। টুর্নামেন্ট শুরুর আগে গণমাধ্যমকে ফ্লাওয়ার জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি (নিজেকে ইংল্যান্ডের টেস্ট কোচের দৌড় থেকে সরিয়ে নিয়েছি)। আমি ইসিবির সাথে কথা বলেছি। ইংল্যান্ড জাতীয় দলের (টেস্টের) প্রধান কোচের পদটি যে শূন্য আছে, সে বিষয়ে আমরা সবাই জানি। এ নিয়ে রব কি এবং ইসিবির সঙ্গে আমার আলোচনা হয়েছে। কিন্তু আসল ব্যাপার হলো, আমি বর্তমানে যে কাজ করছি, তাতে আমি খুবই সন্তুষ্ট।’

নতুন কোচের ক্ষেত্রে আইপিএলে কাজ করা নিয়ে ছাড় দেওয়ার পক্ষেও ছিল ইসিবি। তবে ফ্লাওয়ারের ভাবনা ভিন্ন, ‘অন্যদের হয়ে আমি কথা বলতে পারি না আর ইসিবির পক্ষ থেকেও মন্তব্য করা আমার জন্য ঠিক হবে না। সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমি দুটি দায়িত্ব একসঙ্গে পালন করতে পারতাম না। বিশেষ করে আইপিএল এখন ইংলিশ গ্রীষ্মের প্রথম দুই মাসে অনুষ্ঠিত হয়। যদি আমি ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হতাম, তাহলে আমি এখানে (যুক্তরাজ্যে) থেকে যাদের পর্যবেক্ষণ ও যাদের সঙ্গে কাজ করা প্রয়োজন, তাদের সঙ্গেই থাকতে চাইতাম (কিন্তু তখন আইপিএল চলবে)। তাই আমার জন্য দুটি দায়িত্ব একইসাথে পালন করা সম্ভব ছিল না।’

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বেও আছেন ফ্লাওয়ার। দ্যা হান্ড্রেডে লন্ডন স্পিরিটের প্রধান কোচ। ফ্লাওয়ার বলেছেন, ‘বর্তমানে আমি দুটি দারুণ প্রতিষ্ঠানের (আরসিবি এবং লন্ডন স্পিরিট) হয়ে কাজ করি। আমার চারপাশে অসাধারণ একটি দল এবং ভালো কিছু মানুষ রয়েছে। আমি এখন যা করছি, তাতে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

অভিজ্ঞ এই কোচের মতে, ‘আগেও আমি ইংল্যান্ডের সঙ্গে কাজ করেছি। ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করার এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া ছিল আমার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা। সেই সময়ের স্মৃতি আজও খুবই আনন্দের। আমার জন্য কিংবা অন্য কারও জন্যও, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়া অবশ্যই একটি বড় সম্মানের বিষয়। কিন্তু এই মুহূর্তে আমি আমার বর্তমান দায়িত্বেই স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং এই দায়িত্বই চালিয়ে যেতে চাই। আমরা সবাই স্পষ্ট থাকতে চাই। ইংল্যান্ডের নতুন প্রধান কোচ কে হবেন, তা নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা হবে। কিন্তু আমি সেই আলোচনার অংশ হতে চাই না।’

ফ্লাওয়ার জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে অনেকেই আমার সম্পর্কে খুব প্রশংসাসূচক কথা বলেছেন, যা শুনে ভালো লেগেছে। আমাদের সবারই কিছুটা অহংবোধ থাকে, এটাই স্বাভাবিক। এখন আমাদের কাজ হবে মাঠে আরও ভালো পারফর্ম করা, বিশেষ করে দ্যা হান্ড্রেডে। আমরা সবাই শিখতে চাই, নিজেদের আরও উন্নত করতে চাই, আমিও তার ব্যতিক্রম নই। এখন আমরা (লন্ডন স্পিরিট দল) পুরো মনোযোগ এই নতুন চ্যালেঞ্জে দিচ্ছি।’

দীর্ঘ ১৮ বছর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ থাকার পর কিছুদি আগে দায়িত্ব ছেড়েছেন অভিজ্ঞ কিউই কোচ স্টিফেন ফ্লেমিং। ইংলিশদের নতুন টেস্ট কোচ হিসেবে ফ্লেমিংয়ের নামও তাই আলোচনায় আসছে। নিউজিল্যান্ড হেরাল্ডকে ফ্লেমিং জানিয়েছেন, ‘(যদি আমি ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেতাম) শতভাগ বিবেচনা করতাম, শুধু সম্মানের জায়গা থেকেই। অন্য কোনো দেশ যদি মনে করে আপনি তাদের দলে কিছুটা অবদান রাখতে পারেন, তাহলে ব্যাপারটি অবশ্যই প্রশংসনীয়।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ইংল্যান্ডের সম্ভাব্য নতুন টেস্ট কোচ হিসেবে ইসিবির তালিকায় থাকা কয়েকজনের নামও প্রকাশ করেছে। যেখানে আছে রিচার্ড ডওসন, মাইক হেসন, টম মুডি, জোনাথন ট্রট এবং কুমার সাঙ্গাকারার নাম। যেখানে অ্যান্ড্রু ফ্লিনটফকে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে ক্রিকইনফো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..