✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ১৫:৩৩:১৬ |জলবায়ু পরিবর্তন আর কোনো দূরবর্তী আশঙ্কা নয় বরং এক রূঢ় বাস্তব রূপ নিয়ে হাজির হয়েছে বিশ্বের অন্যতম বড় ক্রীড়াযজ্ঞের একেবারে দোরগোড়ায়। যে টুর্নামেন্টকে ঘিরে কোটি কোটি মানুষের উন্মাদনা, তার সমাপ্তি মঞ্চেই এবার হানা দিয়েছে প্রকৃতি। আর মাত্র দুই দিন দিন পরেই ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল কিন্তু তার আগেই খোদ ফাইনালের ভেন্যুকে গ্রাস করে নিয়েছে তীব্র দাবদাহ আর কানাডার দাবানল থেকে উড়ে আসা বিষাক্ত ধোঁয়ার চাদর। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের বিশাল কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশগত প্রভাবের মধ্যে এমন চরম আবহাওয়া তৈরি হওয়াকে এক নির্মম পরিহাস হিসেবেই দেখছেন পরিবেশবিদরা।
এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। কিন্তু বর্তমানে স্টেডিয়ামের চারপাশ ও ওপরের আকাশ কানাডার ভয়াবহ দাবানলের ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন এবং দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় এক অস্বাভাবিক ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিউইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাটের বিস্তীর্ণ অঞ্চলের বায়ুর মান এখন অত্যন্ত অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নির্দিষ্ট বাতাসের গতিপ্রবাহের কারণে পরিস্থিতি আরও কিছুটা সময় এমন থাকতে পারে। এই ধোঁয়াশার সঙ্গে যোগ হয়েছে তীব্র গরম, যা দীর্ঘক্ষণ বাইরে থাকা সাধারণ মানুষের হৃদরোগ ও শ্বাসকষ্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে নিউইয়র্ক স্টেটের স্বাস্থ্য অধিদপ্তর স্থানীয় বাসিন্দাদের অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কঠোর শারীরিক পরিশ্রম না করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত সংবেদনশীল গোষ্ঠীকে ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রেখে এয়ার কন্ডিশনার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আগামী সপ্তাহান্তের দিকে একটি শীতল বায়ুপ্রবাহ ওই অঞ্চলে প্রবেশ করতে পারে, যা রবিবারের ফাইনাল ম্যাচের আগেই আকাশ থেকে এই বিষাক্ত ধোঁয়াশা অনেকটা পরিষ্কার করে দেবে বলে আশা করা হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি এই গরম আর ধোঁয়াটে পরিস্থিতি রবিবারেও বজায় থাকে, তবে তা মাঠের খেলায় চরম বিপর্যয় ডেকে আনবে।
আগামী রবিবারের এই ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। এই মহারণকে ঘিরে মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকবেন এবং ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে আরও প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। যদি রবিবারের মধ্যে বাতাসের মান উন্নত না হয়, তবে গ্যালারিতে থাকা লাখো দর্শকের পাশাপাশি মাঠে নামা ফুটবলারদের স্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
বিষাক্ত বাতাসে এমন হাই-ভোল্টেজ ম্যাচ খেলা খেলোয়াড়দের ফুসফুস ও শারীরিক সক্ষমতার ওপর তীব্র চাপ সৃষ্টি করবে, যার জন্য ম্যাচ চলাকালীন বিশেষ হাইড্রেশন ও কুলিং ব্রেকের মতো জরুরি ব্যবস্থার প্রয়োজন হতে পারে।
সূত্র: মার্কা