ইয়ামালকে নিয়ে শঙ্কায় স্পেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ১৫:২৮:৩৯ |

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে বড়সড় এক ধাক্কাই খেতে বসেছিল স্পেন। নিউ জার্সিতে বৃহস্পতিবার দলের মূল অনুশীলন সেশনের সময় এই ফরোয়ার্ড আলাদাভাবে অনুশীলন করায় তীব্র উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফইএফ) দ্রুতই সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ভক্তদের আশ্বস্ত করেছে। তারা স্পষ্ট জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে রবিবারের হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন এই টিনএজার।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পর এটিই ছিল স্পেনের প্রথম অনুশীলন সেশন। আর সেখানেই দলের অন্যতম প্রধান ভরসা লামিন ইয়ামাল এবং ডিফেন্ডার পেদ্রো পোরোকে মূল দলের সাথে যোগ না দিয়ে আলাদাভাবে একক রিকভারি সেশন করতে দেখা যায়। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফুটবল বিশ্বে গুঞ্জন শুরু হয় যে, হয়তো কোনো বড় ইনজুরিতে পড়েছেন এই তরুণ তুর্কি।

তবে স্প্যানিশ ফেডারেশন বিষয়টিকে মোটেও গুরুতর কিছু নয় বলে আশ্বস্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আরইএফইএফ জানিয়েছে, ইয়ামাল ও পোরোর আলাদা অনুশীলন করার সিদ্ধান্তটি ছিল নিছকই এক সতর্কতামূলক ব্যবস্থা। দীর্ঘ টুর্নামেন্টের ক্লান্তি ও ধকল কাটিয়ে ওঠার জন্য একটি সুপরিকল্পিত রিকভারি প্রোগ্রামের অংশ হিসেবেই তারা আলাদাভাবে ঘাম ঝরিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..