✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ১৫:২৭:৩৪ |নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি বর্তমানে কানাডার দাবানল থেকে আসা ধোঁয়ায় আক্রান্ত। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দিয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে এবং আমি পরিষ্কারভাবে জানাতে চাই এই মুহূর্তে এর অর্থ কী। এটি সবার জন্যই অস্বাস্থ্যকর পরিস্থিতি। শুধু অ্যাজমা বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি কিংবা বয়স্কদের জন্য নয়, যে কেউই এর কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’
‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা বাতাসের মানের এমন একটি বিপজ্জনক স্তরে পৌঁছেছি যা প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্যই ক্ষতিকর। আপনি যদি ভেবে থাকেন যে আজই বাইরে দৌড়াতে বা জগিং করতে যাবেন, তবে দয়া করে সেটি আগামীকালের জন্য তুলে রাখুন।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে, নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি জানান, ‘বর্তমানে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়া একই কথা।’ এই পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
এই পরিস্থিতি শুধু নিউইয়র্কেই নয়, বরং পুরো উত্তর যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলছে। দূষিত বায়ুমানের কারণে শিকাগোতে হতে যাওয়া শিকাগো ফায়ার এবং ভ্যানকুভার হোয়াইটক্যাপস-এর মধ্যকার প্রীতি ম্যাচটি স্থগিত করতে হয়েছে। এই পরিস্থিতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স কানাডার দাবানল নিয়ে বিস্তর সংবাদ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলের অন্টারিওর ভয়াবহ দাবানলের ধোঁয়ায় দেশটির সবচেয়ে বড় শহর টরন্টোর বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। ধোঁয়ার প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও। এ পরিস্থিতিতে দুই দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
কানাডার পরিবেশ বিভাগ জানিয়েছে, টরন্টোর বায়ুমানের স্বাস্থ্য সূচক সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ফলে শহরটির আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দাবানলের ধোঁয়ার প্রভাব ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও পৌঁছেছে।
বায়ুমানের তথ্য বিশ্লেষণকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তালিকায় বৃহস্পতিবার বিশ্বের বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস ছিল টরন্টোর। তালিকায় নিউইয়র্কও ছিল শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে। কানাডা সরকার জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৮৩৫টি দাবানল জ্বলছিল। এর মধ্যে ১১২টি আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে।