মেসিদের ‘বিশ্বকাপ জেতাতে’ মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ১৪:৫৮:০২ |

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলের ফুটবলারদের ভাগ্য যেন সুপ্রসন্ন থাকে, সেই অদ্ভুত ‘কুসংস্কার’ থেকে গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। 

আগামী রবিবারের এই হাইভোল্টেজ মহোৎসব তিনি মাঠে বসে নয়, বরং নিজের বাসভবনে বসেই টেলিভিশন পর্দায় উপভোগ করবেন। মিলেই জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচের সবকটিই তিনি ঘরে বসে দেখেছেন এবং প্রতিটিতেই দল জয়লাভ করেছে। তাই দলের টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিতের লক্ষ্যে এবারও তিনি সেই একই নিয়ম মেনে চলবেন এবং খেলা দেখার সময় আগের ম্যাচগুলোর মতোই নিজের সেই চেনা ভারী জ্যাকেটটি গায়ে জড়িয়ে রাখবেন।

সাধারণত আর্জেন্টিনা ও লাতিন আমেরিকার ফুটবল ভক্তদের মাঝে ‘কাবালাস’ বা ভাগ্য ফেরানোর নানা রকম অদ্ভুত রীতিনীতি ও কুসংস্কার অত্যন্ত জনপ্রিয়। ফাইনাল ম্যাচটি দেখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নিউ জার্সি যাওয়ার গুঞ্জন থাকলেও হাভিয়ের মিলেই তা সরাসরি নাকচ করে দিয়েছেন। 

বুয়েনস আইরেসের একটি স্থানীয় রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কুসংস্কারের কথা স্বীকার করে মিলেই জানান, তিনি ওলিভসের রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকেই সব খেলা দেখছেন এবং ফাইনালও ওখানেই দেখবেন। নিজের বিশেষ জ্যাকেটের গল্প শুনিয়ে তিনি বলেন, যেহেতু ঘর বেশ ঠান্ডা থাকে আর আমি রুম হিটারও চালু করি না, তাই আমি একটি তেল কোম্পানির লোগো দেওয়া জ্যাকেট গায়ে জড়িয়ে খেলা দেখি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন হঠাৎ আমার খুব গরম লাগছিল, তাই আমি জ্যাকেটটি গা থেকে খুলে ফেলি। আর ঠিক তখনই ওরা আমাদের জালে বল পাঠিয়ে গোল দিয়ে বসে। এরপর আমি তড়িঘড়ি করে জ্যাকেটটি আবার গায়ে জড়িয়ে নিই এবং ম্যাচ চলাকালীন এটি আর কখনোই খুলিনি।

আর্জেন্টাইনদের এই কুসংস্কার অবশ্য নতুন কিছু নয়। ১৯৯০ সালের বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম মাঠে উপস্থিত থাকার পর ক্যামেরুনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর থেকেই দেশটির রাষ্ট্রপ্রধানদের ওপর এক ধরনের অপয়া বা অলক্ষুণে তকমা জুড়ে দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো বর্তমান প্রেসিডেন্ট জাতীয় দলের খেলা মাঠে বসে দেখেননি। প্রেসিডেন্ট মিলেইও সেই ধারা বজায় রেখে এবার ঘরে বসেই লিওনেল মেসিদের জন্য শুভকামনা জানাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..