✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ১৪:৪৮:৩৮ |নিউইয়র্কের ম্যানহাটন স্কাইলাইনে যখন ড্রোন শোতে স্পেন আর আর্জেন্টিনার পতাকা জ্বলজ্বল করছে, তখন ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে এক মহাকাব্যিক লড়াইয়ের। আগামী রবিবার দিবাগত রাতে ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপসেরা স্পেন। ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরার চার বছর পর আর্জেন্টিনার সামনে সুযোগ ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মুকুট ধরে রাখার। তবে বর্তমান চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার সেরা দল হওয়া সত্ত্বেও এই ফাইনালে আলবিসেলেস্তেরা মাঠে নামছে আন্ডারডগ হিসেবে। তাদের সামনে এবার মূল বাধা টুর্নামেন্টের ফেভারিট স্পেন এবং বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় বালক লামিনে ইয়ামাল।
টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনকে এক নম্বর দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে দেম্বেলের শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তের দল প্রমাণ করেছে কেন তারা এই মুহূর্তে বিশ্বসেরা। স্পেনের এই স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকলেও বার্সেলোনার একঝাঁক তরুণ ও অভিজ্ঞ ফুটবলারের চমৎকার রসায়ন দেখা যাচ্ছে। মাঝমাঠে ম্যানচেস্টার সিটির ব্যালন ডি'অর জয়ী তারকা রদ্রি এবং ফ্যাবিয়ান রুইসের নিয়ন্ত্রণ যেকোনো দলের জন্য বিপজ্জনক। আক্রমণভাগে দানি ওলমো এবং এই টুর্নামেন্টে ইতিমধ্যে ৫ গোল করা মিকেল ওয়ারজাবাল রয়েছেন দুর্দান্ত ফর্মে। এর সাথে যোগ হয়েছেন ১৯ বছর বয়সী বার্সেলোনা তারকা লামিনে জামাল, যাকে অনেকেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরি ভাবছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের চেনা রূপ পুরোপুরি দেখাতে না পারলেও ফাইনালের মহারণে যামালের এক মুহূর্তের জাদু ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।
আর্জেন্টিনাকে এই টুর্নামেন্টের 'কামব্যাক কিং' বলা চলে। নকআউট পর্বে বারবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে তারা। আর ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার এই ঘুরে দাঁড়ানোর প্রধান স্বপ্নসারথি লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি, যা তার চিরসবুজ ফর্মেরই প্রমাণ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সিংহভাগ সময় দল ব্যাকফুটে থাকলেও মেসির দুটি দুর্দান্ত অ্যাসিস্টেই ম্যাচে ফেরে আর্জেন্টিনা। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেসের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল। ফাইনালে জুলিয়ান আলভারেস এবং জিউলিয়ানো সিমিওনে আক্রমণভাগের দায়িত্বে থাকলেও মাঝমাঠ ও বলের দখল ধরে রাখার মূল লড়াইটা করতে হবে আলেক্সিস মাক আলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস এবং এনসো ফের্নান্দেসকে।
আর্জেন্টিনার রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেসের জুটি নিয়ে নানা বিশ্লেষণ ও সমালোচনা থাকলেও দলের প্রয়োজনে তারা মাঠের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত। স্পেনের চেনা তিকিতাকা আর বল পজিশন ধরে রাখার কৌশলের বিপরীতে আর্জেন্টিনার রক্ষণভাগকে কঠোর পরীক্ষা দিতে হবে। ইংল্যান্ডের মতো স্পেন গোল করার পর রক্ষণাত্মক হয়ে যাবে না বরং রদ্রি ও রুইসের মাধ্যমে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে বার্সেলোনার অতীত অর্থাৎ লিওনেল মেসি, নাকি বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যৎ লামিনে ইয়ামাল; কার জাদু শেষ হাসি হাসবে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: আল জাজিরা