✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৭, | ১৫:১৯:৩৬ |রাজধানীর বংশালে দ্বিতীয় স্ত্রীর রডের আঘাতে সুমন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ডেইলি-বেসিস কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বংশাল থানাধীন নাজিমউদ্দীন রোডের জমিদার গলির আনারস মসজিদের পাশের একটি চারতলা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পরে স্ত্রী নাসিমা আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নাসিমা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে বাসার বাথরুমে বসে মাদক সেবন করতেন। গত রাতে সংসারের খরচের জন্য রাখা ১ হাজার ৫০০ টাকা খুঁজে না পেয়ে সন্দেহ হয়, ওই টাকা দিয়ে সুমন মাদক কিনেছেন। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়।
তার দাবি, ঝগড়ার সময় সুমন একটি লোহার রড দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য ধস্তাধস্তির একপর্যায়ে রডটি সুমনের বুকে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নাসিমা ছিলেন সুমনের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী ডলি আক্তার একই এলাকার অন্য একটি ভাড়া বাসায় থাকেন।
নিহত সুমন হবিগঞ্জ জেলার কমলগঞ্জ উপজেলার ডালুগাছ বাজার এলাকার নবী মিয়ার ছেলে। তিনি বর্তমানে নাজিমউদ্দীন রোডের জমিদার গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে।