✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৪:২৪:০৬ |বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী (৭০) নামে এক রাইস মিল মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, হত্যার পর দুর্বৃত্তরা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়।
রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।
জানা যায়, রবিবার রাতে মোহাম্মদ আলী নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তার হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে। এ সময় মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যায় তারা। সোমবার (৬ জুলাই) সকালে মোহাম্মদ আলী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে গিয়ে বিছানায় হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।