কাজাখস্তান সরকার ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)-কে রাজধানী আস্তানায় একটি অতিরিক্ত কার্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছে। অবকাঠামো উন্নয়ন, ইসলামী অর্থায়ন ও সবুজ প্রযুক্তি খাতে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে দেশটি এই উদ্যোগ নিয়েছে।
কাখাস্তানে বিদেশি বিনিয়োগকারীদের আসন্ন কাউন্সিলের আগে আইএসডিবি গ্রুপের সভাপতি মুহাম্মদ সুলাইমান আল জাসেরের সঙ্গে বৈঠকে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনীতি বিষয়ক মন্ত্রী সেরিক ঝুমানগারিন এই প্রস্তাব উত্থাপন করেন।
ঝুমানগারিন বলেন, আস্তানাতে আইএসডিবির আঞ্চলিক কার্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে তা পূর্ব ইউরোপ, স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ (সিআইএস), মঙ্গোলিয়া এবং চীনে ব্যাংকের কার্যক্রম সমন্বয় করে আসছে। কাজাখস্তানের কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য এখন রাজধানী আস্তানায় একটি অতিরিক্ত কার্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।
কাজাখস্তান ১৯৯৫ সালে আইএসডিবির সদস্যপদ লাভ করে। ১৯৯৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত দেশটিকে ব্যাংকটি যে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়েছে, তার মোট পরিমাণ ৪২০ কোটি মার্কিন ডলারেরও বেশি। বর্তমানে দুই পক্ষের যৌথ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানি ব্যবস্থাপনা, পরিবহন অবকাঠামো এবং শিল্প উন্নয়ন। একই সঙ্গে ২০২৭-২০৩২ মেয়াদের জন্য কাজাখস্তান ও আইএসডিবির মধ্যে একটি নতুন অংশীদারত্ব কৌশলও প্রণয়ন করা হচ্ছে।
আল জাসের বলেন, সদস্য দেশগুলোর সামনে থাকা নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান খুঁজে বের করার জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যথেষ্ট নমনীয়তা রয়েছে। বৈঠক শেষে কাজাখস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি ফরওয়ার্ড লিজিং চুক্তির স্বাক্ষরিত কপিও দুই পক্ষ পরস্পরের মধ্যে বিনিময় করে।
সূত্র : টাইমস অব সেন্ট্রাল এশিয়া
এ জাতীয় আরো খবর..