✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৩:১৮:৩৫ |বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের অবসর প্রসঙ্গেও কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবার চেয়ে তার পুরো মনোযোগ এখন স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে।
আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। ম্যাচটি হবে জাতীয় দলের জার্সিতে রোনালদোর ২৩৩তম উপস্থিতি।
সাম্প্রতিক সময়ে ৪১ বছর বয়সী এই তারকাকে বারবার অবসর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সংবাদ সম্মেলনে একই প্রশ্ন উঠলে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, বিদায়ের সিদ্ধান্ত তিনি নিজের সময়েই নেবেন।
তিনি বলেন,‘যখন আমার ইচ্ছে হবে, তখনই আমি বিদায় বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচ। এই মুহূর্তে অবসর নিয়ে আলোচনায় আমি মনোযোগ দিতে চাই না।’
রোনালদো আরও বলেন, ‘ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে এত বছর মাঠে রেখেছে। আগামীকাল যা-ই ঘটুক, আমি কোনো আক্ষেপ নিয়ে বিদায় নেব না। ফুটবলকে আমি আমার সর্বস্ব দিয়েছি। প্রয়োজনের জন্য নয়, ভালোবাসা থেকেই খেলেছি। জাতীয় দলের হয়ে খেলতে আমি সবসময়ই গর্ব অনুভব করি।’
বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ নয়, বরং ম্যাচ উপভোগ করেই খেলতে চান বলে জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
তিনি বলেন,‘আগামীকাল আমাকে জিততেই হবে—এমন চাপ আমি নিজের ওপর নিচ্ছি না। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত। আমি মনে করি, এই টুর্নামেন্টে খুব একটা খারাপ খেলিনি। তিনটি গোল করেছি। অন্যরা হয়তো আরও ভালো করেছে, কিন্তু আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর ধীরে ধীরে ছন্দে ফিরেছে পর্তুগাল। উজবেকিস্তানকে ৫-০ গোলে হারানোর পর গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে তারা। শেষ ষোলো নিশ্চিত করতে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগিজরা।
স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও নিজেদের সামর্থ্যে পূর্ণ আস্থা রয়েছে রোনালদোর। তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের ওপর বিশ্বাস না করতাম, তাহলে এখানে থাকতাম না। প্রতিটি ম্যাচে আমরা আরও উন্নতি করছি। দল শান্ত, আত্মবিশ্বাসী এবং ভালোভাবে প্রস্তুত। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি, কিন্তু আমরাও প্রস্তুত।’
স্পেনের বিপক্ষে রোনালদোর স্মরণীয় পারফরম্যান্সের মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে হ্যাটট্রিক। যদিও দেশটির বিপক্ষে তার মোট গোল মাত্র চারটি।
তবু এবারের ম্যাচে স্পেনকে ফেভারিট মেনে পর্তুগাল অধিনায়ক বলেন,‘স্পেন সবসময় বড় টুর্নামেন্টের অন্যতম দাবিদার। তারা ইউরো ও নেশন্স লিগ জিতেছে, তাই এই ম্যাচেও ফেভারিট। তাদের শিরোপার সংখ্যাও আমাদের চেয়ে বেশি। তবে এটি ভিন্ন প্রতিযোগিতা, ভিন্ন দল। আমার বিশ্বাস, আমরা জিতব।’