✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২৬, | ১৪:০৫:৪৪ |বয়স ৩৯ ছুঁইছুঁই, কিন্তু ফুটবল মাঠে লিওনেল মেসির জাদু যেন এখনো ফুরিয়ে যায়নি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চে যেভাবে আলো ছড়াচ্ছেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর, তাতে বিস্মিত ফুটবল দুনিয়া। আর মেসির এই চিরসবুজ ফর্মের পেছনের আসল রহস্যটি এবার উন্মোচন করলেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তার মতে, ফুটবলীয় দূরদর্শিতা এবং অবিশ্বাস্য বুদ্ধিমত্তাই মেসিকে এই বয়সেও সবার চেয়ে আলাদা স্তরে ধরে রেখেছে।
২০২০-২১ মৌসুমে লাস পালমাস থেকে বার্সেলোনায় যোগ দিয়ে মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন পেদ্রি। মাত্র এক মৌসুম পিএসজিতে পাড়ি জমানোর আগে কিংবদন্তি এই ফরোয়ার্ডের সঙ্গে কাটানো সেই সময়টাই স্প্যানিশ তারকার মনে গভীর রেখাপাত করেছে। সম্প্রতি ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেদ্রি জানান, মেসির সঙ্গে খেলা এবং অনুশীলন করা ছিল তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। তার কাছ থেকে অনেক কিছু শেখার পর এখন একজন ফুটবলপ্রেমী হিসেবে মেসির খেলা দেখতে আরও বেশি উপভোগ করেন তিনি।
টেলিভিশন পর্দায় খেলা দেখার সময় দর্শকরা প্রায়শই মেসির যে বিশেষ গুণটি খেয়াল করতে পারেন না, সেটিও তুলে ধরেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। পেদ্রি বলেন, যদি কেউ মাঠে শুধু মেসির ওপর আলাদাভাবে নজর রাখেন, তবে দেখতে পাবেন তিনি সবসময় খুঁজে বেড়ান ঠিক কোন জায়গায় ফাঁকা স্পেস আছে। যেখানে কোনো ডিফেন্ডার নেই, ঠিক সেই পজিশনটি মেসি আগেই অনুমান করে বল নেওয়ার জন্য প্রস্তুত থাকেন।
মেসির এই অনন্য ফুটবল মস্তিষ্ক ও দূরদর্শিতার প্রশংসা করে পেদ্রি আরও যোগ করেন, মাঠে অন্য সবার চেয়ে ফুটবলটাকে একটু আগেভাগে দেখতে পান মেসি। কার কোথায় থাকা উচিত কিংবা নিজে ঠিক কোথায় থাকলে গোল পাবেন, তা তার চেয়ে ভালো কেউ বোঝে না। আর এই কারণেই ৩৯ বছর বয়সে এসে তিনি যা করে দেখাচ্ছেন, তা কেবল লিওনেল মেসির পক্ষেই সম্ভব।
পাঁচ বছর আগে বার্সেলোনায় মেসির সঙ্গে জুটি বেঁধে কোপা দেল রে জিতেছিলেন পেদ্রি। সময়ের ব্যবধানে এখন সেই সাবেক সতীর্থের পারফরম্যান্স দেখে স্রেফ মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না তিনি। চলতি বিশ্বকাপে মাত্র দুই ম্যাচেই ৫ গোল করে ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষেও তার জোড়া গোল প্রমাণ করে দেয়, কেন তাকে এখনো ফুটবলের অবিসংবাদিত রাজা বলা হয়।
সূত্র: গালফ নিউজ