✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২২, | ১৪:৫৮:৫৪ |যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সংরক্ষিত একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। চুলগুলো একটি ফ্রেমে বাঁধাই করা ছিল। শনিবার অনুষ্ঠিত নিলামে এর দাম ওঠে ৪ হাজার ডলার।
নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস জানিয়েছে, চুলগুলো একসময় জন গ্যাডসবির কাছে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে ওয়াশিংটনকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন তিনি। পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক। তবে নিলামে চুলগুলো কিনেছেন কে, তা প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ক্ষেত্রে অবশ্য এবারই সর্বোচ্চ দাম ওঠেনি। ২০২১ সালে তার মৃত্যুর কাছাকাছি সময়ে বা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হয়- এমন তিনটি চুল একটি লকেটে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
রিচমন্ড অকশনসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে বসবাস করতেন গ্যাডসবি। ওই বছরের শেষ দিকে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে তাকে নৈশভোজে আপ্যায়ন করেন তিনি। গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
ম্যাকব্লেয়ারের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ দিনগুলোর স্মৃতির অংশ হিসেবে তার চুলগুলো সংগ্রহ করেছিলেন গ্যাডসবি। পরে সেগুলো ফ্রেমে বাঁধাই করে ওয়াশিংটন সিটির বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখেন। ছোটবেলা থেকেই তিনি বাড়িতে চুলগুলো দেখে আসছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
রিচমন্ড অকশনসের তথ্য বলছে, ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দুটি অনুষ্ঠানেও আতিথ্য দিয়েছিলেন গ্যাডসবি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে দেশটির সেনাদের নেতৃত্ব দেন ওয়াশিংটন। মার্কিন সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৭৮৯ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এবং দুই মেয়াদ শেষে ১৭৯৭ সালে পদত্যাগ করেন।
ওয়াশিংটনের চুলের অন্তত ৫০টি নমুনা এখনও সংরক্ষিত রয়েছে। এগুলোর অনেকগুলো রাখা হয়েছে তার সাবেক বাসভবন মাউন্ট ভার্ননে, যা বর্তমানে জাদুঘর।
এছাড়া ওয়াশিংটনের ব্যক্তিগত স্মৃতিচিহ্নেরও নিলামে ভালো দাম উঠছে। গত জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তার স্বাক্ষরিত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। চিঠিটিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে সেনা নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি