✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২১:২৬:১৪ |কূটনৈতিক সম্পর্কের টানাপোড়নের মধ্যেই পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক নয়াদিল্লিতে পৌঁছেছেন। গত বছরের মে মাসে প্রতিবেশী দেশ দুটির মধ্যে চার দিনব্যাপী যুদ্ধের পর এটিই কোনো পাকিস্তানি মন্ত্রীর দিল্লি সফর।
মালিক সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ (সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম) যোগ দিচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল শনিবার (২১ নভেম্বর) এই ফোরামে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিকের বক্তব্য রাখার কথা রয়েছে।
নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টের মাধ্যমে মালিকের দিল্লিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি গোয়া সফরের পর এটিই পাকিস্তান থেকে ভারতে কোনো মন্ত্রীর প্রথম সফর।
উভয় সরকারই এই সফর ও যোগাযোগকে এসসিও-র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরেছে। আগামী আগস্টে পাকিস্তান এই জোটের নেতাদের নিয়ে আয়োজিত সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারত মূলত পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল।
তবে কোনো সরকারই বিষয়টি নিশ্চিত করেনি। ৬ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল এটুকু জানিয়েছে, তারা একটি আমন্ত্রণ পেয়েছে এবং আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে ইসলামাবাদ কেন মালিককে পাঠিয়েছে, সে বিষয়ে তারা কিছু বলেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালিক সেখানে সভ্যতাগুলোর মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এবং এসসিও সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে পার্শ্ববৈঠকে মিলিত হবেন। ভারতশাসিত কাশ্মীরের পাহালগামে গত বছরের এপ্রিলে ঘটে যাওয়া হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। ওই হামলায় বন্দুকধারীরা ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল, যা পরবর্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে। তবে ইসলামাবাদ এতে নিজেদের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা শরৎ সভারওয়াল বলেন, আয়োজক দেশ হিসেবেই ভারত এই আমন্ত্রণ জানিয়েছে। তিনি আলজাজিরাকে বলেন, এটি এসসিও কাঠামোর একটি বৈঠক, যেখানে আয়োজক দেশ হিসেবে ভারতকে সব সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানাতেই হয়। তাই এই মুহূর্তে এই সফরের মধ্যে অন্য কোনো গভীর অর্থ খোঁজার অবকাশ নেই।
গত বছর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে মোদি এই ফোরামটির প্রস্তাব দিয়েছিলেন। জর্জটাউন ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন সার্ভিসের অধ্যাপক ইরফান নূরুদ্দিনের মতে, এই উদ্যোগটি নয়াদিল্লিকে নিজের একটি বয়ান তৈরির সুযোগ করে দিয়েছে। তিনি আলজাজিরাকে বলেন, এটি এমনভাবে তুলে ধরা হবে যেন তা অঞ্চলে ভারতের নেতৃত্বের ভূমিকারই আরেকটি প্রমাণ। একই সঙ্গে, সংলাপে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার বিষয়টি ভারতের উদারতার বহিঃপ্রকাশ হিসেবেও দেখানো হবে।
নয়াদিল্লি থেকে প্রকাশিত ‘দ্য হিন্দুস্তান টাইমস’ পত্রিকার পররাষ্ট্র বিষয়ক সম্পাদক রেজাউল হাসান লস্কর জানান, ভারতের অভ্যন্তরীণ পরিসরে এর চেয়ে বেশি কিছু করার আগ্রহ খুব একটা নেই। তিনি আল জাজিরাকে বলেন, সরকার বরাবরই বলে আসছে, এটি এসসিও কাঠামোর অধীনে একটি বহুপক্ষীয় আয়োজন। সন্ত্রাসবাদের ইস্যুটির সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হবে না। তাছাড়া পাকিস্তানের প্রতি নতুন কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণের বিষয়েও সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো সমর্থন আছে বলে মনে হয় না।
উল্লেখ্য, ২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে প্রতিষ্ঠিত এসসিও-তে বর্তমানে ১০টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে। পরবর্তী সময়ে ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ এই সংস্থায় যোগ দেয়।
সূত্র: আলজাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।