✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২১:১২:১৮ |অবসর সময়ে ইউরোপে দারুণ সময় পার করছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। এ সময়ে তিনি বেশ বৈচিত্র্যময় মানুষের সান্নিধ্য পেয়েছেন। ইতালিতে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর, তিনি প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেন।
ইনস্টাগ্রামে তাদের সাক্ষাতের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত এই তারকা জানিয়েছেন, প্রথমবার দেখা হওয়ার সময়েই তাদের মধ্যে কত সহজে একটি সংযোগ গড়ে উঠেছিল। তাদের সাম্প্রতিক আলোচনায় সিনেমা ও সংস্কৃতি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং স্থাপত্যসহি বিভিন্ন বিষয় উঠে এসেছে।
প্যারিসে তাকে ও তার ভাইপোকে আপন পরিবেশে রাখার জন্য কাপুর প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদও জানিয়েছেন। কাপুর লিখেছেন, ভারতে যখন প্রথম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আমার দেখা হয়, তখন আমাদের কথোপকথন এতটাই সাবলীল ছিল যে মনে হয়েছিল আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি। প্যারিসে আবারও তার সঙ্গে দেখা হওয়ায় সেই একই আন্তরিকতা ফিরে এল। তাদের এই আলোচনা কেবল সৌজন্যমূলক কথাবার্তার গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না।
কাপুর জানান, তারা শিল্প, সংস্কৃতি, সিনেমা, এআই, জ্বালানি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেছেন; পাশাপাশি ম্যাক্রোঁর দপ্তরে থাকা নেপোলিয়নের আমলের বিভিন্ন নিদর্শনও দেখেছেন। তিনি আরও বলেন, ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে আমাদের সন্তান ও নাতি-নাতনিরা ভবিষ্যতে যে পৃথিবী পাবে সব মিলিয়ে এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ এক আলোচনা।
পোস্টের শেষে ফরাসি প্রেসিডেন্টের প্রতি উষ্ণ বার্তা জানিয়ে এই অভিনেতা তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং ভারতে আবারও দেখা হওয়ার আশা প্রকাশ করেন। তিনি লিখেছেন, প্রিয় ইমানুয়েল, তোমার সদয় আচরণের জন্য এবং প্যারিসে আমাকে ও আমার ভাইপোকে নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের এই বন্ধুত্বের জন্য আমি আনন্দিত এবং ভারতে তোমাকে আবারও স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।
কয়েক দিন আগে ইতালিতে অনিল কাপুরকে ললিত মোদি, সঞ্জয় কাপুর এবং চাঙ্কি পান্ডের সঙ্গে দেখা গিয়েছিল। এই অভিনেতাকে সর্বশেষ আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ সিনেমায় দেখা গেছে।