✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২১:২০:০৪ |রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিন এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুর রহমানকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতার তিনজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এসব কারণ দেখিয়ে তাঁদের প্রত্যেকের রিমান্ড চাওয়া হয়েছিল।