✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২১:০৫:২১ |চাকরি ছাড়ার দুই সপ্তাহের নোটিশ দেওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে প্রতিষ্ঠানের ইমেইল ও অভ্যন্তরীণ যোগাযোগমাধ্যম স্ল্যাকে প্রবেশাধিকার হারানোর দাবি করেছেন এক কর্মী। এরপরই তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুতির বার্তা দেয় মানবসম্পদ বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত ঘটনাটি কর্মক্ষেত্রে আনুগত্য ও পেশাগত সৌজন্য নিয়ে বিতর্ক তৈরি করেছে।
ওই কর্মীর দাবি, চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করার পর ভালো চাকরির সুযোগ পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। চাকরিকালে নিয়মিত ভালো মূল্যায়ন পেয়েছেন। এমনকি অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই প্রায়ই সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করেছেন।
পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে সোমবার সকালে ব্যবস্থাপকের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করেন ওই কর্মী। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য দুই সপ্তাহের একটি বিস্তারিত পরিকল্পনাও তৈরি করেছিলেন।
তবে তার দাবি, পদত্যাগের কথা শুনে ব্যবস্থাপক অসন্তোষ প্রকাশ করেন। কাজের চাপ বেশি থাকা অবস্থায় প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্তকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেন তিনি। এরপর হঠাৎই আলোচনা শেষ করে দেন।
মাত্র ২০ মিনিটের মধ্যে ওই কর্মীর স্ল্যাক ও অফিসের ইমেইল ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে মানবসম্পদ বিভাগ জানায়, তার চাকরির অবসান তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে কর্মীটি লেখেন, চার বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার পরও তাকে এমনভাবে বিবেচনা করা হয়েছে, যেন তিনি প্রতিষ্ঠানের গোপন তথ্য চুরি করেছেন। এমনকি সহকর্মীদের বিদায় জানানো কিংবা নিজের ডেস্ক থেকে কফির মগটি নেওয়ার সুযোগও পাননি বলে দাবি করেন তিনি।
পোস্টে ওই কর্মী প্রশ্ন তোলেন, স্বেচ্ছায় পদত্যাগ করতেই যদি এমন আচরণ করা হয়, তাহলে প্রতিষ্ঠান নিজে বরখাস্ত করলে পরিস্থিতি কেমন হতো। কর্মীদের সহজে বদলে ফেলা যায় বলে মনে করে, এমন প্রতিষ্ঠানে সৌজন্যবশত আগাম নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টটির মন্তব্যে অনেকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। কেউ এটিকে ব্যবস্থাপকদের ক্ষমতা প্রদর্শনের প্রবণতা বলেছেন। আবার কেউ জানিয়েছেন, এমন ঘটনা নতুন নয়; বহু বছর ধরেই বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ দেখা যাচ্ছে।