✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ২১:০৩:১৬ |বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে আছে অলকা ইয়াগনিকের নাম। তার কণ্ঠে বুঁদ হওয়া শ্রোতার সংখ্যাও কোটি কোটি। কিন্তু শ্রবণশক্তি হারিয়ে দীর্ঘদিন গান ও মঞ্চ থেকে অনেকটাই দূরে আছেন এই সংগীতশিল্পী। এবার সেই বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। গায়িকাকে মঞ্চে ফেরানোর উদ্যোগ নিয়েছেন বলিউডের বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই।
সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘কেয়া জামানা থা’ শিরোনামের এই অনুষ্ঠানে অংশ নেবেন অলকা ইয়াগনিক। আগামী ১১ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে বসবে এই আসর।
অলকাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে নিজেই তার বাড়িতে গিয়েছিলেন সুভাষ ঘাই। পরিচালকের আমন্ত্রণে হাসিমুখে সম্মতি জানিয়েছেন গায়িকা।
সুভাষ ঘাই নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অলকা ইয়াগনিক আবারও উজ্জ্বল হয়ে উঠছেন। তার কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তিতে এখনো সেই পরিচিত জাদু রয়েছে। গত রাতে তার বাড়িতে গিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময় বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছি।’
অলকার প্রতিক্রিয়াও জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়ান। মুখে হাসি নিয়ে বলেন, ‘আমি আসব।’ তার এই উত্তর সবাইকে আনন্দিত করেছে। সুভাষ ঘাইয়ের ভাষায়, এটাই অলকা ইয়াগনিক। তিনি সবসময় ভালো থাকুন।
সুভাষ ঘাইয়ের সঙ্গে অলকা ইয়াগনিকের দীর্ঘদিনের কাজের সম্পর্ক। পরিচালকের বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’। এসব ছবির গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়।
তবে দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যার কারণে জনসমক্ষে উপস্থিতি কমিয়েছেন অলকা। ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন, আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার পরও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নিজের শারীরিক সমস্যার কথা তুলে ধরেছিলেন গায়িকা। জানিয়েছিলেন, এখনো নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে তাকে। এমনকি গানের প্রস্তাব পেলেও সব সময় তা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
চলতি বছর হুইলচেয়ারে বসা অবস্থায় তার একটি ছবি প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি নতুন করে আশার সঞ্চার করেছে ভক্তদের মনে।